‘গডজিলা’ সিরিজে অভিনয় করে পরিচিতি পাওয়া কোরিয়ান-আমেরিকান অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
সিএনএন- এর প্রতিবেদন অনযায়ী, মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেডেরিক কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। তার বয়স হয়েছিল ১৮ বছর।
ফ্রেডেরিক কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার ভোর তিনটার দিকে একটি হোন্ডা অ্যাকর্ড গাড়ি দুই লেনের একটি সড়ক থেকে ছিটকে কালভার্টে আছড়ে পড়ে। গাড়িটির দুই যাত্রীর একজন ছিলেন কেলি হটল।
দুর্ঘটনার পর কেলি হটলকে দ্রুত একটি ট্রমা সেন্টারে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। গাড়িচালক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তবে তার আঘাত প্রাণঘাতী নয়।
শেরিফের কার্যালয়ের ভাষ্য, অতিরিক্ত গতিই দুর্ঘটনার অন্যতম কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
২০২১ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার চলচ্চিত্র গডজিলা ভার্সেস কং–এ অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় কেলি হটলের। সেখানে তিনি ‘জিয়া’ চরিত্রে অভিনয় করেন। জিয়া ছিল স্কাল আইল্যান্ডের ইওই জনগোষ্ঠীর এক শ্রবণপ্রতিবন্ধী এতিম শিশু, যে সাংকেতিক ভাষার মাধ্যমে কিং কংয়ের সঙ্গে যোগাযোগ করতে পারত।
২০২৪ সালে মুক্তি পাওয়া ‘গডজিলা ভার্সেস কং: দ্য নিউ এম্পায়ার’ চলচ্চিত্রেও একই চরিত্রে অভিনয় করেন কেলি হটল। এ ছবিতে অভিনয়ের জন্য ২০২৪ সালের স্যাটার্ন অ্যাওয়ার্ডসে তরুণ অভিনয়শিল্পীর সেরা পারফরম্যান্স বিভাগে মনোনয়ন পান।
জর্জিয়ার আটলান্টায় জন্ম নেওয়া কেলি হটলের বাবা ছিলেন আমেরিকান, মা কোরিয়ান। তিনিও জন্মগতভাবে শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। তিনি টেক্সাসের অস্টিনের টেক্সাস স্কুল ফর দ্য ডেফের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

