খুলনায় সহপাঠীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১৪:২৭

খুলনায় সহপাঠীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর বয়রা এলাকা থেকে তাকে আটক করা হয়।

ধর্ষণের শিকার ওই ছাত্রী ৬মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা। নগরীর সোনাডাঙ্গা থানা সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থেকে তিনি পড়াশুনা করতেন।

এদিকে, শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার করার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছে। তার পরিবারের সদস্যরাও এ বিষয়ে মামলা করতে সোনাডাঙ্গা থানায় অবস্থান করছেন বলে জানা গেছে।

ধর্ষণের শিকার ওই ছাত্রী জানান, নগরীর সোনাডাঙ্গাস্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির এলএলবিতে তিনি ও কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের ছেলে শিঞ্জন রায় একসঙ্গে পড়াশুনা করেন। এক বছর আগে শিঞ্জন তাকে প্রেম প্রস্তাব দেন। এরপর বিয়ে করার প্রলোভন দেখিয়ে তার ভাড়া বাসাসহ বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করেন। তিনি বর্তমানে ৬মাসের অন্তঃসত্ত্বা।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমতাজুল হক বলেন, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ কারণে ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য খুমেক হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/আরকেজি