নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আশফাক উল্যা চৌধুরী অর্পন (২১) নামের এক তরুণের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সিনেমা হল রোডে ‘ছুফিয়ান মিয়ার কোল্ড কর্ণারের’ সামনে এই ঘটনা ঘটে।
আহত অর্পন স্থানীয় সংবাদপত্রের এজেন্ট নিউজ কর্নারের মালিক ও দৈনিক ইত্তেফাকের স্থানীয় সংবাদদাতা জাফর উল্যা চৌধুরী পলাশের ছেলে।
এ ঘটনায় আহত অর্পনের বাবা সাংবাদিক জাফর উল্যা পলাশ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৪-১৫ জনকে দায়ী করে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন, বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শুটকি ব্যাপারী বাড়ির সাবেক কাউন্সিলর আবুল খায়েরের ছেলে আজাদ, আব্দুর রেজ্জাকের ছেলে সাকিব, মিলনের ছেলে মিরাজ ও মো. হারুনের ছেলে শাহিন।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় অর্পণ সিনেমা হল রোড এলাকায় ছুফিয়ান মিয়ার কোল্ড কর্ণারে নাস্তা করে বের হবার সময় আজাদ, সাকিব, মিরাজ ও শাহীনের নেতৃত্বে ১৫-২০ জন অতর্কিত রড ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। হামলাকারীদের হামলায় অর্পণের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জাফর উল্যা পলাশ বলেন, অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় বেপরোয়া কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত। কোনো কারণ ছাড়াই তারা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। ঘটনাটি নিয়ে পরিবারসহ আমরা চরম আতঙ্কে আছি।
কোম্পানীগঞ্জ থানার ওসি নুরুল হাকিম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

