রংপুরে নেসকো প্রধান প্রকৌশলীসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আপডেট : ২২ জুলাই ২০২৬, ১৮:৫৫

বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন ইস্যুতে নেসকো রংপুর বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসকসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ‘মহানগর নাগরিক কমিটি’।

বুধবার (২২ জুলাই) দুপুরে রংপুর সিনিয়র সহকারী জজ সদর আদালতে এ মামলা দায়ের করেন মহানগর নাগরিক কমিটির সিনিয়র সদস্য আব্দুর জব্বার সরকারসহ প্রি-পেইড মিটারে ভুক্তভোগী ১৫ জন।

মামলার বিবাদীরা হলেন, নেসকো রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মন্ডল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোছাদ্দেক কবির, শরিফুল ইসলাম, মোস্তাফিজার রহমান ভূঁইয়া, হিসাব শাখার ব্যবস্থাপক কানিজ ফাতেমা ও মোকাবিলা বিবাদী হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।

রংপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ সাংবাদিকদের জানান, বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাটের প্রকল্পের মধ্যে অন্যতম প্রি-পেইড মিটার প্রকল্প। ২০২৫ সালের ৪ জুলাই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, নতুন বিদ্যুৎ সংযোগ ও নষ্ট পোস্ট-পেইড মিটারের ক্ষেত্রে আবশ্যিকভাবে প্রি-পেইড মিটার স্থাপন করতে হবে। কিন্তু নেসকো কর্তৃপক্ষ সেই আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নগরীর বাসাবাড়ি, অফিস-ব্যবসা প্রতিষ্ঠানে সচল পোস্ট পেইড মিটার খুলে জোরপূর্বক প্রি-পেইড মিটার স্থাপন করে চলেছে।  

তিনি বলেন, রংপুর ও রাজশাহীতে ২০২২ সালের পহেলা জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন মেয়াদে সাড়ে ৯ লাখ প্রি-পেইড মিটার স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নেসকো। প্রি-পেইড মিটার স্থাপন নিয়ে গ্রাহকরা আন্দোলন করে আসলেও কর্তৃপক্ষ সেদিকে কর্ণপাত করছে না। যার ফলে প্রি-পেইড মিটার স্থাপনের যাবতীয় কার্যক্রম বেআইনি ও অবৈধ ডিক্রি কামনায় মহানগর নাগরিক কমিটি মামলা দায়ের করেছে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ একটি সেবা মূলক প্রতিষ্ঠান। কিন্তু সেই সেবা পেতে জনগণকে আগাম কেন টাকা দিতে হবে। প্রি-পেইড মিটারে প্রতিবার রিচার্জের সঙ্গে সঙ্গে মিটার ভাড়া বাবদ ৪০ টাকা, কিলোওয়াট প্রতি ডিমান্ড চার্জ ৪২ টাকা, ভ্যাট ৫ টাকা করে কেটে নেওয়া হয়। সেই সঙ্গে বিদ্যুৎ বিভাগ প্রচার করছে পোস্ট পেইড ও প্রি-পেইড মিটারে বিদ্যুৎ খরচ একই। তাহলে এসব টাকা কেন কেটে নেওয়া হচ্ছে। বিদ্যুৎ আইন অনুযায়ী কোনো গ্রাহকের বিদ্যুতের সংযোগ কেটে দিতে কমপক্ষে ১৫ দিন আগে নোটিশ করতে হবে। কিন্তু প্রি-পেইড মিটার স্থাপনে সেই আইনলঙ্ঘন করছে নেসকো কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর নাগরিক কমিটির আহ্বায়ক মোজাহার আলীসহ সংগঠনের সদস্যরা।

ইত্তেফাক/এপি