ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের কবলে

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ০০:১৬

নারায়ণগঞ্জ:সোনারগাঁ উপজেলার জোয়ারদী গ্রামে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে ড্রেজারের সাহায্যে বালু উত্তোলন করে জায়গা ভরাট করার অভিযোগ উঠেছে। ক্রমাগত বালু উত্তোলনের ফলে নদের তীরের ফসলি জমি ভাঙনের কবলে পড়েছে। এতে ভাঙনের শিকার কৃষকরা ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের কাছে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন। কৃষকরা জানান, উপজেলার সনমান্দী ইউনিয়নের জোয়াদী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ থেকে গত ১০ দিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছেন স্থানীয় ভূমিদখলদার মাসুম মিয়া, সাবেক মেম্বার আবুল কাসেম, আরিফ হোসেনসহ ৫/৭ জনের একটি সিন্ডিকেট। তারা বালু উত্তোলন করে জোয়ারদী গ্রামের আবদুস সালাম জুয়েলের বাড়ির জায়গা ভরাট করছেন। অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে ব্রহ্মপুত্র নদের তীরের শতাধিক বিঘা ফসলি জমি ভাঙনের কবলে পড়েছে। অবিলম্বে বালু উত্তোলন বন্ধ না হলে ফসলি জমি নদের গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন তারা। এ বিষয়ে জানতে চাইলে মাসুম মিয়া জানান, বালু উত্তোলনের বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং তাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম জানান, বালু উত্তোলনের বিষয়ে আবেদন করা হয়েছে ঠিকই তবে তাদেরকে কোনো অনুমতি দেওয়া হয়নি। ইতিমধ্যেই সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে বালু উত্তোলন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে      —হাবিবুর রহমান বাদল