জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্তদের মধ্যে তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং ১১ জন অতিরিক্ত ডিআইজি সমমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— হাইওয়ে পুলিশ পুলিশের ডি আইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি কানিজ ফাতেমা, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি সানা শামীনুর রহমান, সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সরোয়ার হোসেন, সিআইডির অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা।
পুলিশ অধিদপ্তর (টিআর পদ) ও রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ, টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সুলতানা নাজমা হোসেন, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগম, টিডিএস ঢাকার পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোছা. ফরিদা ইয়াসমিন।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. একেএম ইকবাল হোসেন, বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদার ডিআইজি মো. ওয়ালিদ হোসেন, সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ, এপিবিএন অতিরিক্ত ডিআইজি সহেলী ফেরদৌস, রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হাবিবুর রহমান, পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি হাসিনা রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরে যাওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। এতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ৫ জুলাই সরকার ৩৩ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে (১৪ জন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং ১ জন এসপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।
গত ৩ মে ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে এবং ২২ এপ্রিল একই বিধানে ১১ জন ডিআইজি ও দুজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

