নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আল আমিন (৩০) নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। বিয়ের মাত্র তিন দিনের মাথায় তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সেনবাগ–সোনাইমুড়ী সড়কের কোঠের বাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত আল আমিন উপজেলার ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের পশ্চিম-দক্ষিণপাড়া এলাকার রশিদ ব্যাপারী বাড়ির বাসিন্দা আব্বাস ক্বারির ছেলে। গত সোমবার (২০ জুলাই) তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন।
স্থানীয়দের ভাষ্য, ছাতারপাইয়া বাজার থেকে মোটরসাইকেলে সোনাইমুড়ীর দিকে যাওয়ার সময় প্রবল বৃষ্টিতে সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় আল আমিন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

