চারপাশে চীনের সামরিক তৎপরতা, সতর্ক তাইওয়ান

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১১:৩১

তাইওয়ানের ভূখণ্ডের চারপাশে চীনের সামরিক বাহিনীর ৮টি যুদ্ধবিমান, ৬টি যুদ্ধজাহাজ এবং ৪টি সরকারি নৌযানের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। 

শুক্রবার (২৪ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সাম্প্রতিক সামরিক তৎপরতার তথ্য নিশ্চিত করে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে শনাক্ত হওয়া বিমানগুলোর মধ্যে ৬টি বিমান মধ্যরেখা অতিক্রম করে তাইওয়ানের উত্তর, দক্ষিণ-পশ্চিম এবং পূর্ব অংশের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে বা এডিআইজেড-এ প্রবেশ করেছে। তাইওয়ানের সশস্ত্র বাহিনী পুরো পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করেছে এবং প্রয়োজনীয় জবাব দিয়েছে।

এর আগে বৃহস্পতিবার ২১টি যুদ্ধবিমান, ৬টি যুদ্ধজাহাজ ও ২টি সরকারি জলযান এবং বুধবারে ১২টি বিমান, ১০টি যুদ্ধজাহাজ ও ৭টি সরকারি জলযান তাইওয়ানের সীমানার কাছে টহল দেয়। দুই দিনই অধিকাংশ চীনা বিমান মধ্যরেখা পেরিয়ে তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল।

সম্প্রতি ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জু ফেইহং জানান যে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনায় তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। ১৬৮৩ সালে কিং রাজবংশের অধীন থেকে চীন তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করলেও তাইওয়ান নিজস্ব সরকার, সেনাবাহিনী ও অর্থনীতি নিয়ে স্বাধীনভাবে পরিচালিত হয়ে আসছে।

সূত্র: এএনআই

ইত্তেফাক/টিএইচ