‘গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে’

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৪:৩০

গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে দেওয়া আমাদের কিছু প্রকাশ্যে বক্তব্যের কারণে আমাকে ও আমার স্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিউইয়র্ক নগরের মেয়র জোহরান মামদানি। মার্কিন সংবাদমাধ্যম রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সাক্ষাৎকারে নিউইয়র্কের মেয়র বলেন, ‘মৃত্যুর হুমকির জন্য নিজেকে প্রস্তুত করা কঠিন। তবে আপনি যখন সবার পক্ষে কোনো কিছু রুখে দাঁড়াতে প্রস্তুত থাকবেন, তখন তার কিছু পরিণতি তো থাকবেই।’

নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করার সময়ও তিনি একই ধরনের হুমকি পেয়েছিলেন উল্লেখ করে মামদানি জানান, এ প্রসঙ্গে তিনি ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার সমালোচনা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যার বিরুদ্ধে তার অবস্থানের কথা উল্লেখ করেন।

জোহরান মামদানি বলেন, মেয়র হওয়ার আগেই এ হুমকি আসা শুরু হয়েছে। তিনি দায়িত্ব নেওয়ার পরও তা অব্যাহত রয়েছে। 

ইসরায়েল ও গাজা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশের কারণে তার স্ত্রীকেও সমালোচনা ও হুমকির মুখে পড়তে হয়েছে বলে উল্লেখ করেন মামদানি।

দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া আলাদা এক সাক্ষাৎকারে নিউইয়র্কের মেয়র জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কারণে তার বিচার দ্য হেগে হওয়া উচিত।

তবে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার মতো স্বাধীন আইনি ক্ষমতা নিউইয়র্ক নগরের নেই উল্লেখ করে মামদানি পরিষ্কার করে বলেন, এ ধরনের যেকোনো পদক্ষেপের দায়ভার মার্কিন কেন্দ্রীয় সরকারের ওপরই বর্তায়।

 
ইত্তেফাক/এনটিএম