মাইটোসিস কোষ বিভাজন দেহ কোষে ঘটে
বিজ্ঞান
মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক
দুলালপুর এস.এম.এন্ড কে. উচ্চ বিদ্যালয়, কুমিল্লা
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আসছে নভেম্বরে তোমাদের জেএসসি পরীক্ষা শুরু হবে।। ভালো ফলাফলের জন্য জ্ঞান ও অনুধাবনের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও তার উত্তর দেয়া হলো। আশাকরি তোমরা উপকৃত হবে।
ক. কোষ বিভাজন কাকে বলে?
উত্তর : যে পদ্ধতিতে একটি মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে।
খ. ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের ব্যাখ্যা দাও।
উত্তর : আমরা জানি, মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি। মাইটোসিস কোষ বিভাজনটি দুইটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে নিউক্লিয়াস এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে।
ক. মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলে?
উত্তর : মাইটোসিস কোষ বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দু’ভাগে বিভক্ত হয়। ফলে সৃষ্ট নতুন কোষ দু’টিতে ক্রোমোজোমের সংখ্যা, গঠন ও গুণাগুণ মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা, গঠন ও গুণাগুণ এর সমান থাকে। তাই মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলে।
খ. মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লেখ।
উত্তর : মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের পার্থক্য নিচে দেয়া হলো।
মাইটোসিস কোষ বিভাজন
১. মাইটোসিস কোষ বিভাজন দেহ কোষে ঘটে
২. একটি কোষ থেকে দুটি কোষ হয়।
৩. ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের সমান থাকে।
৪.ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড উভয় কোষে ঘটে।
মিয়োসিস কোষ বিভাজন
১. মিয়োসিস কোষ বিভাজন জনন কোষে ঘটে।
২. একটি কোষ থেকে চারটি কোষ হয়।
৩. ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের সমান থাকে।
৪. শুধুমাত্র ডিপ্লয়েড কোষে ঘটে।
খ. জিন বলতে কী বোঝায়?
উত্তর : ক্রোমোজোমের প্রধান উপাদান DNA । সাধারণত ক্রোমোজোমের অণুগুলোই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং বাহক। তাই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী DNA এর অংশকে জিন নামে অভিহিত করা হয়।সুতরাং জিন হলো ক্রোমোজোমে অবস্থিত DNA । DNA অণু জিনের রাসায়নিক রূপ।
ক. অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে?
উত্তর : যে কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে।
ক. ইন্টারফেজ কাকে বলে?
উত্তর :কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষটির এ অবস্থাকে ইন্টারফেজ বলে।
খ. মিয়োসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়?
উত্তর : মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি দুইবার বিভাজিত হলেও ক্রোমোজোম বিভাজিত হয় মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাই মিয়োসিস বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে।
ক. বংশগতি কী?
উত্তর: যে প্রক্রিয়ায় মাতা-পিতার বৈশিষ্ট্য সন্তান-সন্ততিতে সঞ্চালিত হয় তাকে বংশগতি বলে।
ক. চিত্রটি মাইটোসিস বিভাজনের কোন ধাপের?
উত্তর: চিত্রটি মাইটোসিস বিভাজনের মেটাফেজ ধাপের।
খ. উক্ত ধাপের সাথে পূর্ববতী ধাপের তুলনা কর।
উত্তর: প্রদত্ত চিত্রটি মেটাফেজ ধাপ। এ ধাপের পূর্ববতী ধাপটি প্রো-মেটাফেজ। প্রো-মেটাফেজ ও মেটাফেজ ধাপের তুলনা নিম্নরূপ-
প্রো-মেটাফেজ মাইটোসিস কোষ বিভাজনের দ্বিতীয় এবং মেটাফেজ হচ্ছে তৃতীয় ধাপ।
প্রো-মেটাফেজ ধাপে ক্রোমোজোম বিষুবীয় অঞ্চল ও এর আশপাশে থাকে, কিন্তু মেটাফেজ ধাপে সব ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে থাকে।
ক. ডিএনএ এর পূর্ণরূপ কী?
উত্তর: ডিএনএ এর পূর্ণরূপ ডি-অক্সিরাইবো নিউক্লিক এসিড।
