মিরপুরে যুবদল নেতাসহ দুইজনকে প্রকাশ্যে গুলি, আটক ১

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০১:০৭

রাজধানীর কাফরুল থানা এলাকায় প্রকাশ্যে দিবালোকে সশস্ত্র হামলার শিকার হয়েছেন স্থানীয় যুবদল নেতাসহ দুইজন। দুর্বৃত্তদের অতর্কিত গুলিবর্ষণে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান ও বিএনপি কর্মী মো. ইউসুফ গুরুতর আহত হন। তবে ঘটনার পরপরই পালানোর সময় স্থানীয় বাসিন্দারা এক অস্ত্রধারীকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর ১৩ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। কাফরুল থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায়, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিএনপি কর্মী মো. সুজন জানান, রাতে মিরপুর ১৩ নম্বর এলাকায় হাফিজুর রহমানের নেতৃত্বে তারা ৭-৮ জন একত্রে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ করে ৩ জন অস্ত্রধারী তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালাতে শুরু করে। এতে যুবদল নেতা হাফিজুর রহমানের গায়ে দুটি এবং কর্মী ইউসুফের বুকে একটি গুলি লাগে।

আক্রমণ চালিয়ে সশস্ত্র দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত স্থানীয় লোকজন ধাওয়া করে এক অস্ত্রধারীকে ধরে ফেলেন এবং পরে টহল পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন। বর্তমানে গুলিবিদ্ধ দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে।

ইত্তেফাক/এএম