কক্সবাজারে ইয়াবাসহ সাবেক এমপি বদির ‘নিকট আত্মীয়’ আটক

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ২১:০৪

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে সাড়ে চার হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। এসময় হাফেজ উল্লাহ (৬৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 

শনিবার (২৫ জুলাই) দুপুরে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এই তথ্য জানিয়েছেন। এর আগে শুক্রবার সকালে সড়কের ইনানী এলাকায় এ অভিযান চালানো হয়।

মো. হাফেজ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া গ্রামের বাসিন্দা মৃত তমিম গোলালের ছেলে।

তিনি ৫-৬ বছর আগেও ইয়াবা নিয়ে গ্রেপ্তার বলে জানিয়েছেন স্থানীয়রা। তাছাড়া তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির আত্মীয়।

কোস্টগার্ড সূত্র জানায়, শুক্রবার সকালে যাত্রীবাহী গাড়িতে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন ইনানী মেরিন ড্রাইভে চেকপোস্ট বসানো হয়। এসময় টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন এক বয়োবৃদ্ধের কোমরে বিশেষ কায়দায় রাখা একটি ইয়াবার প্যাকেট জব্দ করা হয়। তা খুলে সাড়ে চার হাজার পিচ ইয়াবা পাওয়া যায়।

গ্রেপ্তার হাফেজ উল্লাহর পরিচয় নিশ্চিত করে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল বশর জানান, মাদকসহ আটক হাফেজ উল্লাহ সাবেক এমপি আবদুর রহমান বদির ফুফা। তিনি ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেন। তবে, ২০২৩ সালে তিনি চট্টগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার হন। এ ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তী গঠিত কমিটিতে তিনি আর স্থান পাননি। 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সূত্র জানায়, আটক হাফেজ উল্লাহ বর্তমান সময়ে বিরোধীদলের রাজনৈতিক প্রোগ্রামে অংশ নিতেন। তবে, কোন পদবিতে ছিলেন না।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুকিত বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তিকে মাদক আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদকের বিস্তার রোধে কোস্টগার্ড নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।

ইত্তেফাক/এপি