জেনারেল ইলেকট্রিকের প্রতারণার অভিযোগ
জেনারেল ইলেকট্রিকের আর্থিক প্রতিবেদনে বড়ো ধরনের প্রতারণার অভিযোগ এনেছে হিসাববিদ হ্যারি মার্কোপোলোস। তার অভিযোগ, জেনারেল ইলেকট্রিক প্রায় ৩৮ বিলিয়ন ডলারের প্রতারণা করেছে তাদের আর্থিক প্রতিবেদনে, যেটি প্রতিষ্ঠানটির বাজার মূলধন ৪০ শতাংশেরও বেশি। এনরনের মতোই প্রতারণার কৌশলগুলো ব্যবহার করেছে এই প্রতিষ্ঠান। হ্যারির অভিযোগ, মার্কিন এই বহুমুখী কোম্পানি বিশাল অঙ্কের লোকসান রেশিও এবং ডলারের ক্ষতি যে বাড়ছে, সেটি গোপন করেছে। হ্যারি সতর্ক করেছেন যে খুব শিগগির প্রতিষ্ঠানটির প্রায় সাড়ে ১৮ বিলিয়ন ডলার নগদ অর্থ লাগবে বিমা দাবি পূরণে। আর সাড়ে ১০ বিলিয়ন ডলার লাগবে নন-ক্যাশ চার্জ সামাল দিতে। এমনকি এ ধরনের অর্থের প্রয়োজনীয়তা প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদনকে বেশ টালমাটাল করে দেবে।
পর্যটনকে উত্সাহিত করতে শ্রীলঙ্কার নানা পদক্ষেপ
পর্যটন খাতকে ফের শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে শ্রীলঙ্কার সরকার। এবার প্রায় ৫০টি দেশের নাগরিককে আগমনের পর ভিসা দেওয়ার (অন এরাইভাল ভিসা) সিদ্ধান্ত নিয়েছে দেশটি। চলতি বছরে ইস্টার সানডের দিন সংঘটিত বোমা হামলার পর দেশটির অর্থনীতির অন্যতম শক্তি পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়ে। গত জুলাইয়ে শ্রীলঙ্কায় পর্যটক আগমন আগের বছরের একই সময়ের তুলনায় ৪৬ দশমিক ৯ শতাংশ কমে ১ লাখ ১৫ হাজার ৭০১ জনে দাঁড়িয়েছে। পর্যটকদের আগমন বাড়াতে শ্রীলঙ্কার সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে রয়েছে পর্যটনসংক্রান্ত ব্যবসায় ঋণ নীতিমালা শিথিল। এছাড়া হোটেলগুলো ৬০ শতাংশ ছাড়সহ বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে। শ্রীলঙ্কার জিডিপিতে পর্যটন খাতের অবদান ৪ দশমিক ৯ শতাংশ।
জ্বালানির দাম বাড়ায়
উড়োজাহাজ সংস্থাগুলোর
মুনাফা কমার আশঙ্কা
জ্বালানি ব্যয় ও শ্রম খরচ বাড়ায় বিশ্বের বড়ো এয়ারলাইনসগুলোর মুনাফায় নেতিবাচক প্রভাব পড়ছে। শীর্ষ উড়োজাহাজ সংস্থাগুলোর সংগঠন চলতি বছরের জন্য মুনাফার পূর্বাভাস ১২ শতাংশ কমিয়েছে। গত বছর উড়োজাহাজ সংস্থাগুলো রেকর্ড ৩৮ বিলিয়ন ডলার আয় করেছিল। চলতি বছর জ্বালানি খরচ আগের বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি উড়োজাহাজ সংস্থার প্রান্তিকের মুনাফা কমার খবর আসতে শুরু করেছে। এর মধ্যে থাই এয়ারওয়েজের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের লোকসান দ্বিগুণ হয়েছে।
—নাঈমা সুলতানা
