শিল্পকলায় ষড়ঋতুর পদাবলি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২২:১৫

সুজলা-সুফলা, শস্য-শ্যামলা এই রূপসী বাংলার রূপকে গানে-নাচে তুলে ধরলেন শিল্পীরা। শিল্পকলা একাডেমি আয়োজিত ‘ষড়ঋতুর পদাবলি’ শীর্ষক অনুষ্ঠানে ঋতুভিত্তিক সংগীত, নৃত্য ও আবৃত্তি নিয়ে সাজানো হয় অনুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ছয়টি ঋতুকে নিয়ে ভিন্ন ভিন্ন গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সচিব মো. বদরুল আনাম ভূঁইয়া এবং প্রযোজনা বিভাগের পরিচালক ড. কাজী আসাদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তামান্না তিথি।

এতে একক সঙ্গীত পরিবেশন করেন- আবিদা রহমান সেতু, মোনালীন আজাদ, শারমিন আক্তার, রাফি তালুকদার, সুচিত্রা রানী সূত্রধর, মোহনা দাস, কাজী আসাদুজ্জামান, হিমাদ্রী রায়, সোহানুর রহমান, মোহনা দাস, রোকসানা আক্তার রূপসাসহ অন্যরা।

আগামীকাল শনিবার শুরু হচ্ছে বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উত্সব। শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের ৬৪ জেলায় একযোগে দ্বিতীয়বারের এ উত্সব চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আগামীকাল শনিবার বিকালে উত্সবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সকল তথ্য জানান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আরও উপস্থিত ছিলেন একাডেমির সচিব বদরুল আনম ভূঁইয়া এবং নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক চাকলাদার মোস্তফা আল মাস্্উদ। লিয়াকত আলী লাকী জানান, উত্সবে ৪৮টি স্বল্পদৈর্ঘ্য এবং ২২টি প্রামাণ্যচিত্র মিলিয়ে সর্বমোট ৭০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রদর্শনীর পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য- দুই বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ও বিশেষ জুরি পুরস্কার প্রদান করা হবে। যার অর্থমূল্য যথাক্রমে ১ লাখ, ৫০ হাজার এবং ২৫ হাজার টাকা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিকভাবে চলচ্চিত্র বাছাই করে পাঁচ সদস্যের বিচারকমণ্ডলী। যার মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক, প্রামাণ্যচিত্র পর্ষদের উপদেষ্টা সাজ্জাদ জহির, শর্ট ফিল্ম ফোরামের পক্ষে এ কে রেজা গালিব, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন এবং একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক চাকলাদার মোস্তফা আল মাস্্উদ। পুরস্কার কমিটির চেয়ারম্যান ছিলেন সৈয়দ সালাউদ্দিন জাকী। কমিটির অন্য সদস্যরা হলেন- নির্মাতা মোরশেদুল ইসলাম, চলচ্চিত্র গবেষক ফরিদুর রহমান ও অনুপম হায়াত্ এবং একাডেমির সচিব বদরুল আনম ভূঁইয়া।