প্রতিপক্ষের হামলায় যুবক খুন

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২০:৫৬

পূর্বধলা (নেত্রকোনা ) সংবাদদাতা

পূর্বধলায় কেরাম খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আলমগীর নামে এক যুবক খুন হয়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হোগলা ইউনিয়নের ভিকুনীয়া বাজারে।

নিহত আলমগীর ওই ইউনিয়নের সাধুপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে,  সন্ধ্যায় সাধুপাড়া ও ভিকুনীয়া গ্রামের কয়েকজন যুবক স্থানীয় ভিকুনীয়া বাজারে কেরাম খেলতে যান। একপর্যায়ে দু’পক্ষে কথা কাটাকাটি শুরু হলে ভিকুনীয়া গ্রামের রানা, সাগর ও মিরাজের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন আলমগীরের ওপর হামলা চালায়। এসময় আলমগীরকে তারা পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১২টার দিকে আলমগীর মারা যায়।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।