ট্রাম্পের ক্ষমার পর হন্ডুরাসে ফিরলেন সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১২:১৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে প্রেসিডেন্সিয়াল ক্ষমা পেয়ে নিজ দেশ হন্ডুরাসে ফিরে এসেছেন সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। মাদক পাচারের অভিযোগে ৪৫ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন তিনি।

রোববার (২৬ জুলাই) যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের চার বছর পর পালমেরোলা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ন্যাশনাল পার্টির সমর্থক এবং পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। 

জো বাইডেন প্রশাসন হার্নান্দেজকে রাজনৈতিকভাবে ফাঁসিয়েছে উল্লেখ করে গত ডিসেম্বরে ট্রাম্প তাকে ক্ষমার ঘোষণা দেন। সোশ্যাল মিডিয়া পোস্টে দেশে ফেরার আনন্দ প্রকাশ করে বন্দিজীবনের কষ্টের কথা তুলে ধরেন সাবেক এই প্রেসিডেন্ট।

হন্ডুরাসে পৌঁছানোর পর হার্নান্দেজকে গ্রেপ্তার করা হয়নি, কারণ গত জুনে তার বিরুদ্ধে জারি থাকা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করা হয়। আগামী ৩ আগস্ট তাকে দুর্নীতি ও অর্থ পাচারের স্থানীয় মামলায় আদালতে হাজির হতে হবে। তবে রিফ্লেকশন, রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন টিমের গবেষক ও আইনজীবী জোয়াকিন মেহিয়া আশঙ্কা প্রকাশ করে জানান যে বিচারপ্রক্রিয়াটি কেবল লোকদেখানো প্রহসন হতে পারে এবং আসল বিচার পাওয়া নিয়ে অধিকারকর্মীরা সংশয়ে রয়েছেন।

২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত হন্ডুরাস শাসন করা হার্নান্দেজের বিরুদ্ধে প্যান্ডোরা পেপারস দুর্নীতি অনুসন্ধানে ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে রাষ্ট্রীয় তহবিলের ১ কোটি ১০ লাখ ডলার রাজনৈতিক প্রচারে সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এর আগে নিউইয়র্কের আদালতে ট্রাম্পের মাদকবিরোধী যুদ্ধের তৎকালীন এই সহযোগীর বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের সহায়তার বিস্ফোরক তথ্য উঠে এসেছিল।

সূত্র: আল জাজিরা

ইত্তেফাক/টিএইচ