পীরগাছায় খাদ্যে বিষক্রিয়ায় বর-কনেসহ অসুস্থ অর্ধশত

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২০:৫৭

স্টাফ রিপোর্টার, রংপুর ও পীরগাছা সংবাদদাতা

বিয়ের অনুষ্ঠানে কনের বাড়িতে খাবার খেয়ে রংপুরের পীরগাছায় বর-কনেসহ অর্ধশত নারী-পুরুষ ও শিশু অসুস্থ হয়ে পড়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ জনকে ভর্তি করা হয়েছে। অসুস্থ ব্যক্তিদের সবার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম জামের পাড় গ্রামে।

ভুক্তভোগীরা জানান, উপজেলার অনন্তরাম জামিরজান গ্রামের খলিলুর রহমানের ছেলে ফরিদুল ইসলাম লাবলুর সঙ্গে কাউনিয়া উপজেলার আলুটারী গ্রামের আকবর আলীর মেয়ে নুর আক্তার আসমার বিয়ে হয় বুধবার রাতে। বিয়ের অনুষ্ঠানে বর লাবলুর পক্ষে শতাধিক অতিথি কনের বাড়িতে দাওয়াত খেতে যান। খাবার খাওয়ার পর অতিথিরা সবাই বাড়ি ফিরে যান। এরপর বৃহস্পতিবার দুপুর থেকে বর-কনেসহ অর্ধ শতাধিক নারী, পুরুষ ও শিশু পেটের পীড়া, বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হন। বর ফরিদুল ইসলাম লাবলু বলেন, আমরা শতাধিক বরযাত্রী দাওয়াত খেয়ে আসার পর প্রায় ৭০ জন অসুস্থ হয়ে পড়ি। এদের মধ্যে ৫০ জনের মতো হাসপাতালে চিকিত্সা নিচ্ছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা নিয়ে সুস্থ হয়ে উঠেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার শাহনেওয়াজ সাঈদ সৈকত জানান, বিয়েবাড়িতে খাবার খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫০ জন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এছাড়াও সাত জনকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অসুস্থ রোগীদের সঙ্গে কথা বলেছি। তাদের চিকিত্সা চলছে।