হোসেনপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২০:৫৭

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

হোসেনপুরে সাদিয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের মেয়ের বাড়ি গিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন তিনি। স্কুলছাত্রী সাদিয়া আক্তার ঐ এলাকার সাইজউদ্দিনের মেয়ে এবং পার্শ্ববর্তী ময়মনসিংহের নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, বিকেলে উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের সাইজউদ্দিনের বাড়িতে সাদিয়া আক্তারের বিয়ের আয়োজন করা হয়। এ খবর উপজেলা প্রশাসনকে জানায় স্থানীয়রা। পরে বিয়েবাড়িতে উপস্থিত হয়ে সাদিয়ার বাল্যবিয়ে বন্ধ করা হয়।