গ্রেফতার তিন
কালিয়া (নড়াইল) সংবাদদাতা
কালিয়ায় রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রবীণ আওয়ামী লীগ নেতা মোল্যা নজরুল ইসলামকে (৭০) কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতকে প্রথমে কালিয়া হাসপাতালে ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কলাবাড়িয়া বাজারে এই হামলার ঘটনা ঘটে। উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আহত নজরুল ইসলাম বলেন, উপজেলার কলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোল্যা নজরুল ইসলাম ও একই গ্রামের মৃত আশরাফ মোল্যার ছেলে আবুল হাসানের সঙ্গে স্থানীয় রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে জাতীয় শোক দিবসের সন্ধ্যা ছয়টার দিকে ১০/১৫ জনের একদল দুষ্কৃতকারী কলাবাড়িয়া পশ্চিমপার বাজারে নজরুল ইসলামের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা চালায়।
নড়াগাতি থানার ওসি মো. আলমগীর কবির বলেন, ঐ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামি জুবায়ের, খুবায়ের ও দিদারুলকে গ্রেফতার করা হয়েছে। মূল হোতাদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
