সামাজিক যোগাযোগমাধ্যমে একটি জনপ্রিয় গানের সঙ্গে নিজের হাঁটাহাটির ভিডিও পোস্ট করে একটি গোষ্ঠীর তোপের মুখে পড়েছেন সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ফেসবুকে তাকে ট্রল-হেনস্তা করছেন কেউ কেউ।
তবে বিউটির এমন ভিডিওকে অন্যায় কিছু মনে করেন না প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। যদিও শিক্ষা স্থানীয় শিক্ষা প্রশাসন বলছে, বিষয়টি তদন্ত করা হবে।
রোববার (২৬ জুলাই) সিলেটে এক অনুষ্ঠান শেষে ওই শিক্ষকের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘আমি ভিডিওটি দেখিনি। আমার সোশ্যাল মিডিয়াও নেই। তবে কয়েকজন আমাকে বলেছেন, একজন শিক্ষিকা গান গেয়ে একটি ভিডিও আপলোড করেছেন। এটিতে কোনো অশ্লীলতা নেই।’
তিনি আরও বলেন, যদি অশ্লীলতা না থাকে তাহলে গান গাওয়া অন্যায়—এটি আর কেউ মানুক না মানুক আমি মানতে রাজি না। বাকি ভিডিওটি আমি দেখিনি, এটি নিয়ে আমি মন্তব্য করতে পারি না।’
এ দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি নির্দেশনা বা সরকারি কর্মচারীদের আচরণবিধি লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখারও সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় শিক্ষা প্রশাসন।
এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে জানান ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোহেল মোল্লা।
ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল বৃহস্পতিবার (২৩ জুলাই) ফেসবুকে একটি রিল পোস্ট করার পর ঘটনার সূত্রপাত। ওই দিন তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট 'শ্রাবণের মেঘগুলো' গানের সঙ্গে একটি রিল ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, তিনি শাড়ি পরে স্কুল প্রাঙ্গণে হাঁটাহাঁটি করছেন। এরপর ওই ভিডিও পোস্ট নিয়ে সমালোচনা ও ট্রল শুরু করে একটি গোষ্ঠী।
এদিকে, বিউটি রাণী পালের রিলস নিয়ে সমালোচনার জবাবে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারাও সংহতি প্রকাশ করছেন। তারা ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানটি ব্যবহার করে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে রিল প্রকাশ করছেন।

