বিগত আওয়ামী লীগ সরকারের মতো বিএনপিও নির্বাচনে ‘ভোট ইঞ্জিনিয়ারিং’ বা কারচুপির নীলনকশা তৈরি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সোমবার (২৭ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তা মোড়ে এনসিপির জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক এক পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় লোক বসিয়ে নিরপেক্ষতা নষ্ট করা হচ্ছে বলে দাবি করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, জনগণ যাদের লাল কার্ড দেখিয়ে প্রত্যাখ্যান করেছে, বিএনপি ক্ষমতায় এসে তাদেরই বিভিন্ন দপ্তরের প্রশাসক হিসেবে বসাচ্ছে। অতীতে ভোটাধিকার হরণের যে সংস্কৃতি ছিল, তার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ দলীয় প্রভাবমুক্ত রাখার দাবি জানান তিনি।
প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, পুলিশ, প্রশাসন ও গণমাধ্যমকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি না করে জনগণের স্বার্থে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। পুলিশ সদস্যদের কোনো দলের আজ্ঞাবহ না হয়ে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি। এছাড়া তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের ব্যর্থতার সমালোচনা করে যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি তোলেন এনসিপির এই নেতা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে বাস্তবে রূপ দিতে রাষ্ট্রের মৌলিক সংস্কার অপরিহার্য। রাষ্ট্র পরিচালনায় সুশাসন, জবাবদিহি ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সংস্কার প্রস্তাবগুলোর ওপর গণভোট আয়োজনের ওপর জোর দেন তিনি। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সারা দেশে এনসিপি সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে বলে পথসভায় জানানো হয়। এ সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লবের নাম ঘোষণা করা হয়। বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় তরুণদের সম্পৃক্ত করে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার তাগিদ দেন বক্তারা।
চুয়াডাঙ্গা জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভা পরিচালনা করেন জেলার সদস্যসচিব আনাসগীর হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব মো. আলী রুকনুদ্দীন যতন।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, মুসাব্বির আহমদ ও তানভীর সওয়ার শুভ্রসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

