রবি শাস্ত্রী আবার ভারতের কোচ
স্পোর্টস রিপোর্টার
ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের দিকে তাকিয়ে ছিল সম্ভবত বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। তাদের সবচেয়ে পছন্দের মাইক হেসন ছিলেন ভারতীয় কোচ হওয়ার দৌড়ে। হেসন ও টম মুডির সাক্ষাত্কার খুব ভালো হয়েছে উল্লেখ করলেও ভারতীয় ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি) শেষ পর্যন্ত দলটির পরবর্তী কোচ হিসেবে বর্তমান দায়িত্বে থাকা রবি শাস্ত্রীকেই বেছে নিয়েছেন।
গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ঘোষণা দেন কপিল দেবের নেতৃত্বাধীন সিএসসি। এই কমিটিতে আরো ছিলেন আংশুমান গায়কোয়াড় ও শান্থা রাঙ্গাসোয়ামী। এর আগে রবি শাস্ত্রীসহ ৬ জনের সাক্ষাত্কার গ্রহণ করে এই কমিটি। গতকালই সাক্ষাত্কারপর্ব শেষে কোচ সংক্রান্ত ঘোষণা দিয়ে দেয় সিএসি।
রবি শাস্ত্রী এই নিয়ে চতুর্থবারের মতো দলের দায়িত্ব পালন করবেন। এর আগে ২০০৭ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য ছিলেন ক্রিকেট ম্যানেজার, ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত ছিলেন টিম ডিরেক্টর এবং সর্বশেষ ২০১৭ সাল থেকে ছিলেন প্রধান কোচ।
রবি শাস্ত্রীকে বেছে নেওয়ার কারণ বলতে গিয়ে গায়কোয়াড় বলেছেন, শাস্ত্রী ভারতীয় ক্রিকেটের ব্যবস্থা ও দলটিকে খুব ভালো চেনেন বলে তার পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হেসনও এই সাক্ষাত্কারে খুব ভালো করেছেন বলে কপিল দেব জানিয়েছেন।
এর ফলে আপাতত উন্মুক্ত হয়ে গেলেন নিউজিল্যান্ডের সাবেক কোচ হেসন। এখন বিসিবির সাথে তার সমঝোতা হতে কোনো বাধা রইল না।
