ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ‘চোর' বলে কটূক্তি করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই । তার এই মন্তব্যের পর দেশটি থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ব্রাজিল ।
রবিবার ব্রাজিলের সাও পাওলো শহরে যুক্তরাষ্ট্রপন্থি প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বলসোনারোর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট । সেখানেই ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টকে চোর এবং সাজাপ্রাপ্ত আসামি বলে মন্তব্য করেন তিনি । যদিও সরাসরি লুলা দা সিলভার নাম উচ্চারণ করেননি মিলেই ।
তবে এর জেরে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্স থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিচ্ছে ব্রাজিল।
দেশটির মতে, আর্জেন্টিনার প্রেসিডেন্টের এসব মন্তব্য ব্রাজিলের সরকার, জনগণ ও গণতন্ত্রকে চরমভাবে অবমাননা করেছে । এক অনুষ্ঠানে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কারো নাক গলানো বরদাস্ত করা হবে না। বহিরাগত কোনো হস্তক্ষেপ ছাড়াই তিনি দেশ পরিচালনা করে যাবেন। এ
মতাবস্থায় আর্জেন্টিনায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত হুলিও বিতেলির সোমবারের মধ্যে দেশে ফেরার কথা। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দুর্নীতি, ঘুষ ও কেলেঙ্কারির মামলায় ২০১৮ সালে ১২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। তবে ১৮ মাসের কিছু বেশি সময় কারাভোগের পরেই মুক্তি পান তিনি ।
২০২১ সালে দেশটির সুপ্রিম কোর্ট তার সেই সাজা বাতিল ঘোষণা করেন । এর পরের বছরই প্রেসিডেন্ট নির্বাচনে তৎকালীন উগ্র ডানপন্থি প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে হারিয়ে ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট হন লুলা ।

