মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয়

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১০:৪২

ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন এক নারী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। তবে নবজাতকের বাবার পরিচয় এখনো মেলেনি। প্রশাসন জানিয়েছে, মা ও শিশুর পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের সার্বিক দায়িত্ব সরকার বহন করবে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার ফুলসূতী ইউনিয়নের ফুলসূতী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন ওই নারী ফুলসূতী বাজার ও আশপাশের এলাকায় ঘুরে বেড়াতেন। বাজারের বিভিন্ন মানুষ তাকে খাবার ও প্রয়োজনীয় সহায়তা দিতেন। সোমবার হঠাৎ প্রসববেদনা উঠলে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসেন। পরে তিনি বাজার এলাকাতেই একটি কন্যাসন্তানের জন্ম দেন। পরে স্থানীয়রা মা ও নবজাতককে দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে মা ও শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ জানান, মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ হাসপাতালে গিয়ে মা ও নবজাতকের খোঁজখবর নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, গ্রাম পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে মা ও নবজাতককে হাসপাতালে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন এবং সুস্থ আছেন।

তিনি আরও বলেন, মা ও শিশুর পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত তাদের থাকা, চিকিৎসা ও প্রয়োজনীয় সব ধরনের দায়িত্ব সরকার গ্রহণ করবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

ইত্তেফাক/এসজেএস