অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬

ওয়ানডে অধিনায়কত্ব হারাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। সর্বশেষ জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। সেইসঙ্গে মিরাজের নেতৃত্ব নিয়েও হচ্ছিলো সমালোচনা। এমন সময়ে অধিনায়ক পরিবর্তনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। 

এই মুহূর্তে বাংলাদেশের তিন ফরম্যাটে তিন অধিনায়ক রয়েছেন। মিরাজ ও লিটন দাস ছাড়াও নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। শুরুতে শান্তর অধিনায়কত্ব পাওয়ার বিষয়ে জোরালো গুঞ্জন ছিল। তবে ওয়ানডের অধিনায়কত্ব পেতে এগিয়ে আছেন লিটন দাস। 

বুধবার (২৯ জুলাই) বিসিবির বোর্ড সভা রয়েছে। বোর্ড পরিচালকদের সেই মিটিংয়ে অধিনায়ক ইস্যুতে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। টি-টোয়েন্টিতে লিটনের ডেপুটি হিসেবে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন তাওহীদ হৃদয়। ওয়ানডেতেও একই দায়িত্ব পেতে পারেন তিনি।

লিটনের অনুপস্থিতি হৃদয়ের নেতৃত্বে জিম্বাবুয়েতে সিরিজ জেতে বাংলাদেশের টি-টোয়েন্টি দল। সাবেক অধিনায়ক শান্তকে আবারো ওয়ানডে দলের অধিনায়ক করার কথা ভাবা হচ্ছিল। তবে সীমিত ওভারের অধিনায়ক ও লাল বলের অধিনায়ক আলাদা রাখতে লিটনই আপাতত এগিয়ে রয়েছেন।

ইত্তেফাক/জেডএইচ