টানা পাঁচ উইকেট-মেডেন ওভার, গ্রিভসের অলৌকিক বিশ্ব রেকর্ড

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১১:১৭

ত্রিনিদাদে ব্রায়ান লারা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জাস্টিন গ্রিভস। টানা ৫ ওভার মেডেন উইকেট নিয়েছেন তিনি। সব মিলিয়ে নেন ৫ উইকেট। 

অর্থাৎ এই ৫ ওভারে কোনো রান না দিয়ে প্রতি ওভারেই ১টি উইকেট নিয়েছেন গ্রিভস। টেস্ট ক্রিকেটের তথ্য–উপাত্ত সংরক্ষণ শুরুর পর প্রথম ক্রিকেটার হিসেবে টানা ৫ ওভারে রান না দিয়ে প্রতি ওভারেই উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড গড়লেন এই ক্যারিবিয়ান পেসার।

ওয়েস্ট ইন্ডিজের করা ৩১১ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা বেশ ভালোই ছিল। কিন্তু গ্রিভসের বিধ্বংসী বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত দাঁড়াতে পারেননি পাক ব্যাটাররা।

অথচ ইনিংসের শুরুতে নিজের প্রথম ৬ ওভারে কিছুটা খরুচেই ছিলেন এই মিডিয়াম গ্রিভস। তবে সপ্তম ওভারে বল করতে এসেই ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। বোল্ড করে সাজঘরে ফেরান সেঞ্চুরিয়ান শান মাসুদকে। এরপর ইনিংসের ৬৬তম ওভারে নিজের পরের ওভার করতে এসে তুলে নেন আমির জামালের উইকেট।

উইকেটের এই ধারা থামেনি এখানেই। এরপর নিজের টানা ৬৮তম, ৭০তম এবং ৭২তম ওভারে বল করতে এসে প্রতি ওভারেই একটি করে উইকেট নেন তিনি। একে একে সাজঘরের পথ ধরান আলি উসমান, মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ আব্বাসকে। গ্রিভসের টানা এই ৫টি উইকেট-মেডেন ওভারের তাণ্ডবে ধসে পড়ে পাকিস্তানের মিডল ও লোয়ার অর্ডার। 

শেষ পর্যন্ত ১১ ওভারে ৬টি মেডেনসহ মাত্র ২৭ রান খরচায় ৫টি উইকেট শিকার করেন গ্রিভস। এমন আগুনে বোলিংয়ে পাকিস্তান অলআউট হয়ে যায় ২৮২ রানে। ফলে প্রথম ইনিংস শেষে ২৯ রানের লিড পায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

Justin Greaves' stump-smashing spree began with Shan Masood's wicket, West Indies vs Pakistan, 1st Test, Tarouba, 3rd day, July 27, 2026

তবে খুব একটা স্বস্তিতে নেই ক্যারিবীয়রা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ১২৬ রান তুলতেই হারিয়ে বসেছে ৭টি উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হাতে এখন ৩ উইকেট বাকি থাকলেও পাকিস্তান থেকে তারা এগিয়ে রয়েছে ১৫৫ রানে।

ইত্তেফাক/জেডএইচ