স্পোর্টস রিপোর্টার
ভারতীয় হকি কোচ অজয় কুমার বানসাল গতকাল শুক্রবার বিকালে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েদের সঙ্গে কথা বলার পাশাপাশি পরিচয় পর্ব সেরে তাদের কীভাবে খেলতে হবে, সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন।
আগামী ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে এশিয়ান হকি ফেডারেশন কাপ অনূর্ধ্ব-২১ নারী হকির আসর বসবে। সেখানে বাংলাদেশ খেলতে যাবে। তাই যাওয়ার আগে প্রস্তুতি পর্বটা ভালো করতে ভারতীয় নারী হকি দলকে ঢাকায় এনে ছয়টি প্রস্তুতি ম্যাচ খেলার আয়োজন করা হয়েছে।
কোচ বানসাল কাল বাংলাদেশের মেয়েদের অনুশীলন দেখে বললেন, ‘এই মেয়েদের সময় দিতে হবে। এরা নতুন। নতুনদের ওপর খুব বেশি প্রত্যাশার চাপ দেয়া যায় না। যত বেশি ম্যাচ খেলবে, তত বেশি শিখতে পারবে। আমার মেয়েদের সঙ্গে ম্যাচ খেললে বাংলাদেশের মেয়েরা উপকার পাবে। সাহস পাবে আশা করছি।’
হকি ফেডারেশন জানিয়েছিল, ভারতের জাতীয় একাডেমির এই কোচ উপদেষ্টা কোচ হয়ে কাজ করবেন দুই সপ্তাহের জন্য। ভারতের জাতীয় একাডেমির অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড়রা আগামীকাল ঢাকায় আসবে—এমন কথা জানিয়েছিলেন তিনি। বলা হচ্ছে, মেয়েদের সেই হকি দলের অগ্রগামী প্রতিনিধি হিসেবে ঢাকায় এসেছেন বানসাল। বানসাল নিজেও বললেন, ‘আমি এসেছি, কারণ আমার দল আসবে। তাই দুই দিন আগেই এসেছি।’
অবশ্য বলেছেন, বাংলাদেশের উপদেষ্টা কোচ হওয়ার মতো কোনো আলোচনা হয়নি। অন্যদিকে হকি ফেডারেশন বলছে, বাংলাদেশের মেয়ে হকি দলের জন্যই তাকে আনা হয়েছে। ফেডারেশন সহসভাপতি আব্দুর রশিদ সিকদার বলেছেন, ‘বানসাল আমাদের হকির পুরোনো বন্ধু। তিনি আমাদের মেয়েদের হকির পরামর্শ দেবেন।’
