রাজধানীর মিরপুর-১০ এলাকায় আধুনিক স্বাস্থ্যসেবা ও উন্নত ডায়াগনস্টিক সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ মেডিপ্লেক্স। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা দিচ্ছে।
প্রতিষ্ঠানটিতে উন্নত ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক প্রযুক্তির পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় প্রয়োজন অনুযায়ী এআই-সহায়ক প্রযুক্তি ও স্বয়ংক্রিয় বিশ্লেষণ ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। এতে পরীক্ষার ফলাফল আরও নির্ভুলভাবে প্রস্তুত করতে সহায়তা মিললেও চূড়ান্ত রোগ নির্ণয় ও চিকিৎসা-সংক্রান্ত সিদ্ধান্ত বিশেষজ্ঞ চিকিৎসকরাই নেবেন।
আকিজ মেডিপ্লেক্স লিমিটেডের চিফ বিজনেস অফিসার আবু জাফর ইকবাল আহমেদ বলেন, প্রযুক্তি চিকিৎসকের বিকল্প নয় বরং উন্নত স্বয়ংক্রিয় ব্যবস্থা ও এআই-সহায়ক প্রযুক্তি চিকিৎসকদের আরও নির্ভুল তথ্য ও বিশ্লেষণ দিয়ে দ্রুত ও আত্মবিশ্বাসের সঙ্গে চিকিৎসা পরিকল্পনা করতে সহায়তা করে।
প্রতিষ্ঠানটিতে যুক্তরাষ্ট্র, জাপান ও জার্মানির আধুনিক প্রযুক্তির এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাম ও আল্ট্রাসাউন্ডসহ বিভিন্ন উন্নত চিকিৎসা সরঞ্জাম রয়েছে। পাশাপাশি অভিজ্ঞ প্যাথলজিস্ট ও ল্যাব টেকনোলজিস্টের তত্ত্বাবধানে পরীক্ষাগুলো পরিচালিত হয়। রোগীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে ব্যবহৃত সিটি স্ক্যান প্রযুক্তিতে প্রচলিত ব্যবস্থার তুলনায় সর্বোচ্চ ৮২ শতাংশ পর্যন্ত কম রেডিয়েশন ব্যবহার করা সম্ভব বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
চিকিৎসক ও রোগীদের সুবিধার্থে আকিজ মেডিপ্লেক্সে চালু করা হয়েছে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা ব্যবস্থা। এই প্রযুক্তির মাধ্যমে মাত্র কয়েক মিনিটে রোগীর ৩৩টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসূচক পরিমাপ করা যায়। এসব তথ্য চিকিৎসকদের রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে দ্রুত প্রাথমিক ধারণা দিতে এবং রোগ নির্ণয় প্রক্রিয়ায় সহায়ক তথ্য হিসেবে ব্যবহৃত হবে।
এ ছাড়া প্রতিষ্ঠানটিতে দেশের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার, ডিজিটাল স্বাস্থ্য রেকর্ড, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, অনলাইন রিপোর্ট, ফার্মেসি এবং হোম স্যাম্পল সংগ্রহের সুবিধাও রয়েছে। ফলে একই ছাদের নিচে রোগীরা পরীক্ষা, রিপোর্ট ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ পাচ্ছেন।
আকিজ রিসোর্স জানিয়েছে, উন্নত প্রযুক্তি, দক্ষ চিকিৎসক ও রোগীকেন্দ্রিক সেবার সমন্বয়ের মাধ্যমে দেশের মানুষের জন্য আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আকিজ মেডিপ্লেক্সের লক্ষ্য।

