স্পোর্টস ডেস্ক
রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড গ্যারেথ বেল ও মিডফিল্ডার হামেস রদ্রিগেজের দলে থাকা নিয়ে সংশয় থাকলেও কোচ জিনেদিন জিদানের পূর্ণ সমর্থনই পাচ্ছেন দুই জন। শেষ পাঁচ বছরে রিয়াল মাদ্রিদের সাফল্যের অন্যতম দুই নিয়ামকে ভরসা করার কথা জানালেও দুই জনের দল ছাড়ার ব্যাপারে কোনো পরিষ্কার কিছু বলেননি জিদান।
বায়ার্ন মিউনিখে দুই মৌসুম ধরে কাটিয়ে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে ফিরেছেন হামেস রদ্রিগেজ। তবে চলতি দলবদল মৌসুমের প্রায় পুরোটা জুড়েই তার স্থায়ীভাবে দল ছাড়ার গুঞ্জনে সরব ছিল মাদ্রিদ গণমাধ্যম। এদিকে রিয়াল মাদ্রিদে গেল মৌসুমে নিজেকে হারিয়ে খোঁজা বেলেরও দল ছাড়ার গুঞ্জন চলছে। এরই মাঝে কোচ জিদান জানালেন এই দুই খেলোয়াড়ের ওপর ভরসা আছে তার।
সম্প্র্রতি এক সংবাদ সম্মেলনে জিদান জানান, বেল ও হামেস নিজেদেরকে রিয়ালের একটা অংশ মনে করতে পারেন। তবে তাদের ভবিষ্যত্ নিয়ে কিছু পরিষ্কার করেননি। তিনি বলেন, ‘বেল আর হামেস এই দলেরই খেলোয়াড়। দুই জনেই এখনো দলে নিবন্ধিত আছে। কিন্তু ভবিষ্যতে যে কোনো কিছুই হতে পারে।’
রিয়াল কোচ জানান, তাদের ওপর শতভাগ আস্থা আছে তার, ‘তবে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তাদের ওপর ভরসা করতেই হবে আমাকে। তাদের ওপর শতভাগ আস্থা আছে আমার। হামেস সুস্থ এবং আমি খুশি যে, সে আমার দলে আছে।’
গতকাল রাতে বার্সেলোনা-অ্যাথলেটিক বিলবাওয়ের খেলা দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু হয়ে গেলেও আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত খেলোয়াড় দলে ভেড়ানো কিংবা বেচে দেওয়ার সুযোগ থাকছে তাদের সামনে। ফলে বেল আর হামেসের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার জন্য রিয়ালের সামনে আরো সপ্তাহ দুয়েকের মতো সময় আছে।
নেইমার আর পল পগবাকে দলে ভেড়ানোর জোর গুঞ্জন আছে রিয়াল মাদ্রিদের। তবে জিদান এ ব্যাপারে কিছুই জানাননি, ‘আমাদের যা আছে তা নিয়েই কাজ করতে হবে এবং এ নিয়েই ভাবতে হবে। আমাদের মনে এখন কেবলই শনিবারের (আজ) ম্যাচটাই কাজ করছে। আমি আমার খেলোয়াড়দের নিয়ে খুশি আছি। এবং তাদের মতো আমিও মৌসুমের প্রথম ম্যাচটা নিয়ে বেশ মনোযোগী।’
আজ রাতে সেল্টা ভিগোর আতিথ্য গ্রহণের মধ্য দিয়ে লা লিগা পুনরুদ্ধারের মিশন শুরু করবে রিয়াল। জিদান জানালেন নতুন মৌসুম ভালোভাবেই শুরু করতে চায় তার দল, ‘আমরা এখনই ভালোভাবে শুরু করতে চাই। আমরা লা লিগার কথা ভাবছি এবং আমরা খুশি আছি।’
