প্রাথমিক দল ঘোষণা বাফুফের

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২১:১৪

আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ

স্পোর্টস রিপোর্টার

আফগানিস্তানের বিপক্ষে ২৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এদের মধ্য হতে ২৩ ফুটবলার তাজিকিস্তানে আফগানদের বিরুদ্ধে খেলতে যাবেন। ১০ সেপ্টেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে।

২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৩ সালে চীনে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ ফুটবলের যৌথ বাছাইয়ে দ্বিতীয় রাউন্ডের গ্রুপ পর্বের খেলায় দল দুটি মুখোমুখি হবে। বাংলাদেশ ‘ই’ গ্রুপে খেলছে। তাজিকিস্তানের রাজধানী দুসানবে স্টেডিয়াম হলো বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তানের হোম ভেন্যু। ফিরতি ম্যাচটা হবে ঢাকায়।

বাংলাদেশ দল আগে ভাগেই তাজিকিস্তান যাবে। সেখানে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করবে এবং সেই সঙ্গে দুটি প্রীতি ম্যাচও খেলার কথা রয়েছে। মূলত সেখানেই সেরা একাদশটাও সাজিয়ে নেবেন বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ জেমি ডে। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বে লাওসের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। লাওসের বিরুদ্ধে খেলা ২৩ সদস্যের দল থেকে বাদ পড়েছেন গোলকিপার হিমেল, নাসির উদ্দিন চৌধুরী, মিডফিল্ডার ইমন বাবু, ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ।

গতকাল ঘোষিত দলে নতুন যোগ হয়েছেন বা ফিরেছেন ছয় জন। এদের মধ্যে আবাহনীর গোলকিপার সোহেল, মিডফিল্ডার সোহেল রানা, সাদ উদ্দিন, শেখ জামালের ডিফেন্ডার মঞ্জুরুর রহমান মানিক, বসুন্ধরার ডিফেন্ডার নুরুল নাইউম ফয়সাল আবার জাতীয় দলে ফিরেছেন। ডাক পাওয়াদের মধ্যে সাইফের ডিফেন্ডার ইয়াসিন আরাফাত একমাত্র নতুন।

বুঝা যাচ্ছে এই তালিকা হতেই দুই জনকে বাদ দেওয়া হতে পারে। কারণ কোচ জেমি ডে আক্রমণভাগে নাবীব নেওয়াজ জীবন, মতিন মিয়াকে বাদ দিতে রাজি হবেন না। কারণ গোল খরায় ভুগতে থাকা জাতীয় দলের আক্রমণভাগে গোলদাতা কাউকে বাইরে রাখার পক্ষে না কোচ।

জেমি ডে ছুটিতে গিয়েছিলেন। ১৯ আগস্ট তার ঢাকায় ফেরার কথা। ২৫ আগস্ট ফুটবল ক্যাম্প শুরু হবে। ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন :

গোলকিপার : আশরাফুল ইসলাম রানা (শেখ রাসেল), শহিদুল আলম সোহেল (আবাহনী), আনিসুর রহমান জিকো (বসুন্ধরা)।

ডিফেন্ডার :বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান (শেখ রাসেল), টুটুল হোসেন বাদশা (আবাহনী), সুশান্ত ত্রিপুরা (বসুন্ধরা), মনজুরুর রহমান (শেখ জামাল), ইয়াসিন আরাফাত, রহমত মিয়া, রিয়াদুল হাসান (সাইফ), নুরুল নাইয়ুম ফয়সাল (বসুন্ধরা)।

মিডফিল্ডার : মাসুক মিয়া জনি, ইব্রাহিম (বসুন্ধরা), জামাল ভুঁইয়া (সাইফ), মামুনুল ইসলাম, সোহেল রানা (আবাহনী), রবিউল হাসান, আরিফুর রহমান (আরামবাগ), বিপলু আহমেদ (শেখ রাসেল)। ফরোয়ার্ড : নাবিব নেওয়াজ জীবন, সাদ উদ্দিন, জুয়েল রানা (আবাহনী), মতিন মিয়া, মাহবুবুর রহমান সুফিল (বসুন্ধরা)।