স্পোর্টস ডেস্ক
ম্যানচেষ্টার সিটি গেল মৌসুমে টটেনহ্যাম হটস্পারের কাছে হেরেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছিল। সেই হারের প্রতিশোধ নেয়ার কথা মাথায় রেখেই আজ শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হচ্ছে দল দুটি। একইদিনে মাঠে নামবে সিটির শিরোপা লড়াইয়ের প্রতিদ্বন্দ্বী লিভারপুলও।
সিটি গেল মৌসুমে প্রথমবারের মতো ঘরোয়া ত্রিমুকুট জিতেছিল। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে গিয়ে হোঁচট খায় কোচ পেপ গার্দিওলার দল। টটেনহ্যাম বিপক্ষের মাঠে দেয়া গোলের হিসেবে কোয়াটার ফাইনালে সিটিকে পেছনে ফেলে ফাইনালে লিভারপুলের বিপক্ষ হয়েছিল। ভিডিও প্রযুক্তি ভিএআর-এর কারণে রাহিম স্টার্লিংয়ের যোগ হওয়া সময়ের গোলটি বাতিল হয়ে গেলে কপাল পুড়েছিল সিটির। স্টার্লিং অবশ্য এবার হ্যাটট্রিক দিয়েই শুরু করেছেন। তার নৈপুণ্যে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে লিগে নিজেদের প্রথম খেলায় ৫-০ গোলে জিতেছিল সিটি।
গার্দিওলা এরই মধ্যে জানিয়েছেন টানা তৃতীয়বারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জয় হচ্ছে তার দলের মূল লক্ষ্য। এরপরও চ্যাম্পিয়ন্স লিগের বেদনার স্মৃতি তাদের পোড়ায়। তবে আশার কথা এ মৌসুমেও তার দল দাপটের সঙ্গে শুরু করেছে। আগের খেলাটিতে সার্জিও আগুয়েরোর পরিবর্তে গ্যাব্রিয়েল জেসুসকে এবং বাম প্রান্তে বার্নার্দোকে বসিয়ে রিয়াদ মাহরেজকে খেলানো কাজে লেগেছিল। কারণ জেসুসই গোলের সূচনা করেছিলেন। অপরদিকে রাহিমের শেষ দুই গোলের জোগানদাতা ছিলেন মাহরেজ। আরো মজার ব্যাপার হলো ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে খেলাটিতে কোচ গার্দিওলা বুঝিয়ে দিয়েছেন দলের প্রথম একাদশে কারো জায়গাই নিশ্চিত নয়।
টটেনহ্যামও এবার জয় দিয়ে শুরু করেছে। অ্যাস্টন ভিলার বিরুদ্ধে যদিও কোচ মরিচিও পচেত্তিনোর দল প্রথমে পিছিয়ে পড়েছিল। শেষ পর্যন্ত শেষ বাঁশির পাঁচ মিনিট আগে হ্যারি কেইনের গোলে ৩-১ গোলে জয়ী হয় টটেনহ্যাম। কেইন দলকে সতর্ক করে দিয়ে বলেছেন শিরোপার জন্য লড়াই চালাতে হলে এত তাড়াতাড়ি হোঁচট খাওয়া চলবে না। ইংল্যান্ড অধিনায়ক কেইন বলেন, ‘আমাদের এটা নিশ্চিত করতে হবে যে আমরা যেন ভালো সূচনার মধ্যে থাকি। এটা গুরুত্বপূর্ণ যে আমাদের যতটা সম্ভব অন্যদের সঙ্গে পাল্লা দিতে হবে। আমাদের পরিপূর্ণ বিশ্বাস আছে শেষ পর্যন্ত যেতে পারার। যদিও সামনে অনেক দীর্ঘ পথ।’
লিভারপুল আজ সিটির আগে খেলতে নামবে। তাদের খেলা পড়েছে সাউদাম্পটনের মাঠে। সঙ্গত কারণেই তাদের লক্ষ্য থাকবে বিপক্ষের মাঠে জিতে সিটির চাইতে এগিয়ে থাকা। সাউদাম্পটন অবশ্য লিগে নিজেদের প্রথম খেলায় বার্নলির মাঠে ৩-০ গোলে হেরে এসেছিল। এদিকে প্রিমিয়ার লিগের শিরোপা সম্ভাবনায় থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি আগামীকাল মাঠে নামবে।
