পাকিস্তানে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার গৌরব অহলুয়ালিয়াকে ফের তলব করল পাক পররাষ্ট্রমন্ত্রণালয়। পাকিস্তানের অভিযোগ, ১৫ আগস্ট নিয়ন্ত্রণরেখা ভেঙে লিপা এবং বাত্তাল অঞ্চলে গুলি চালিয়েছে ভারতীয় সেনা, যার জেরে এক পাক সেনাকর্মী ও দুজন স্থানীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তারই প্রতিবাদ জানানোর পাশাপাশি ওই সমন পাঠানো হয়। এ নিয়ে একই সপ্তাহে মোট তিনবার ভারতের বিরুদ্ধে নিয়ন্ত্রণরেখা লঙ্ঘনের অভিযোগ আনল পাকিস্তান। আনন্দবাজার পত্রিকা
নয়াদিল্লি যদিও সবটাই অস্বীকার করেছে। সাউথ ব্লক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাদের দাবি, পাকিস্তানই প্রথম নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে স্বাধীনতা দিবসের সকালে। সাউথ ব্লকের অভিযোগ, দেশে যখন স্বাধীনতা দিবস উদ্যাপনের তোড়জোড় চলছে তখনই সীমান্তের ওপার থেকে বিনা প্ররোচনায় গোলাগুলি চালাতে শুরু করে পাক জওয়ানরা। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে উরি এবং রাজৌরির গ্রামে উড়ে আসে পাক মর্টার এবং শেল। সেনা সূত্রে জানানো হয়েছে, পাক বাহিনীর হামলা রুখতে ভারতের দিক থেকেও শুরু হয় পালটা গোলা বর্ষণ। ভারতের পালটা হামলায় পিছু হটে পাক বাহিনী।
