মোদির বিরুদ্ধে আপত্তিকর পোস্ট, দিল্লি পুলিশের নোটিশ

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১১:২০

ভারতে শিক্ষার্থী বিক্ষোভ চলাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে বেশ কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে নোটিশ পাঠিয়েছে দিল্লি পুলিশ। এর মধ্যে কয়েকটি সংবাদ পোর্টালের এক্স অ্যাকাউন্টও রয়েছে।

পুলিশের তদন্ত দল জানিয়েছে যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর যেসব অ্যাকাউন্ট থেকে আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছে, সেসব ব্যবহারকারীদের পরিচয় বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। তবে ঠিক কতগুলো অ্যাকাউন্টকে নোটিশ দেওয়া হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে এমন ভিডিও, পোস্ট ও মন্তব্যগুলো পুলিশের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম গভীরভাবে পর্যালোচনা করছে। এর আগে বিক্ষোভকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও ডিপফেক ভিডিও ছড়ানোর জন্য পাকিস্তানের সাথে সম্পৃক্ত ৪০০টিরও বেশি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শনাক্ত করেছিল পুলিশ।

ইতিমধ্যেই যন্তর মন্তরে আন্দোলন এবং গত ২০ জুলাইয়ের ‘সংসদ চলো’ পদযাত্রায় ঘটে যাওয়া সহিংসতার সময় আপত্তিকর মন্তব্য সংবলিত বেশ কিছু পোস্ট ও ভিডিও সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের সাইবার টিমের অব্যাহত নজরদারির ফলে নির্দেশ পাওয়ার পর বেশ কিছু কটু মন্তব্য ও ভিডিও প্ল্যাটফর্মগুলো থেকে মুছে ফেলা হয়েছে।

সূত্র: এনডিটিভি

ইত্তেফাক/টিএইচ