রাতের ট্রেন সফরে মোবাইল ফোন চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়ার অভ্যাস রয়েছে অনেকের। কিন্তু এবার যাত্রীদের সেই অভ্যাসে লাগাম টানতে আরও কড়া পদক্ষেপ করল ভারতীয় রেল। নিরাপত্তার স্বার্থে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রেনের কামরায় চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রেল বোর্ড। সম্প্রতি চার্জে থাকা অবস্থায় পাওয়ার ব্যাঙ্ক ফেটে দুর্ঘটনার পরে এই নিয়ম কার্যকর করার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে।
‘ইকোনমিক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ অক্টোবর জারি করা নির্দেশিকায় রেলের বিভিন্ন জোনকে রাতে চার্জিং পয়েন্ট বন্ধ রাখার নিয়ম যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। আগুন ও বৈদ্যুতিক দুর্ঘটনার ঝুঁকি কমাতে এ নিয়ম কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছে ভারতীয় রেল বোর্ড।
রেল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত মোবাইল ফোন ও ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য ট্রেনের চার্জিং পয়েন্ট ব্যবহার করা যাবে না। এ সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকেন। ফলে চার্জ দেওয়ার সময় কোনো যন্ত্র অতিরিক্ত গরম হয়ে গেলে কিংবা বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দিলে তা সহজে নজরে নাও আসতে পারে। এ ধরনের পরিস্থিতি থেকে অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হতে পারে।
সাম্প্রতিক নির্দেশিকায় নিয়ম কার্যকর করার পাশাপাশি রেলকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং আকস্মিক পরিদর্শনের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। তবে বিভিন্ন কামরায় এই নিয়ম কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
রাতে বৈদ্যুতিক যন্ত্র চার্জ দেওয়ার ক্ষেত্রে আগুন লাগার আশঙ্কাই সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। ব্যাটারির ত্রুটি, ক্ষতিগ্রস্ত চার্জার কিংবা অতিরিক্ত তাপের কারণে দুর্ঘটনা ঘটতে পারে। সম্প্রতি এক যাত্রীর পাওয়ার ব্যাংক ট্রেনের চার্জিং পয়েন্টে লাগানো অবস্থায় বিস্ফোরিত হয়ে ধোঁয়া বের হতে শুরু করে বলে জানা গেছে। নির্ধারিত সময়ে চার্জিং পয়েন্ট বন্ধ না করায় ট্রেনের কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।
এ ছাড়া রাতে ফোন চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়লে চুরির আশঙ্কাও থাকে। এসব ঝুঁকি কমাতেই নির্দিষ্ট সময়ে চার্জিং পয়েন্ট বন্ধ রাখার নিয়ম চালু করা হয়েছে।
২০১৩ সালে হজুর সাহিব নান্দেড়-কে এস আর বেঙ্গালুরু এক্সপ্রেসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত থ্রি-টিয়ার কামরায় আগুন লাগার ঘটনার পর ২০১৪ সালের জুন মাসে এ বিষয়ে নির্দেশিকা জারি করে রেলওয়ে বোর্ড। দক্ষিণ রেলওয়ে সার্কেলের রেলওয়ে সেফটি কমিশনার শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোবাইল ও ল্যাপটপের চার্জিং পয়েন্ট বন্ধ রাখার সুপারিশ করেন। পরে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়।
নতুন নির্দেশিকায় রেলের বিভিন্ন জোনকে নিয়ম কঠোরভাবে কার্যকর করতে বলা হয়েছে। তবে আগের সমস্যার কারণে সব কামরায়, বিশেষ করে নন-এসি কামরায়, নিয়মটি সমানভাবে কার্যকর হচ্ছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
