পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে গুলির ঘটনা: স্বাধীন তদন্ত চায় অ্যামনেস্টি

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১৪:২৮

পাকিস্তান-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে আঞ্চলিক নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলি চালানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই ঘটনায় নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের পাশাপাশি অবিলম্বে ওই এলাকায় ইন্টারনেট ও মোবাইল পরিষেবা চালুর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

স্থানীয় আন্দোলনকারী ও জম্মু ও কাশ্মীর জয়েন্ট অ্যাকশন কমিটি (জেএএসসি)-র নেতারা অভিযোগ করেছেন, আঞ্চলিক নির্বাচনে কারচুপি করতে এবং রাজনৈতিক ভিন্নমত দমনে পুলিশ ও নিরাপত্তা বাহিনী নির্বিচারে শক্তি প্রয়োগ করছে। জেএএসসি ও কর্তৃপক্ষের মধ্যে আলোচনা ভেঙে যাওয়ার পর বিক্ষোভকারীরা মুজাফফরাবাদের দিকে পদযাত্রা শুরু করলে নিরাপত্তাবাহিনী রাওয়ালকোটে তাদের ওপর গুলি চালায়। এতে অন্তত ১৪ জন নিহত এবং বহু মানুষ আহত হন।

আন্দোলনের মূল নেতাদের দাবি অনুযায়ী, ৫ জুন থেকে ২৮ জুলাইয়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক ইসাবেল লাসি জানান, রাওয়ালকোটের ঘটনাটি কাশ্মীরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানি কর্তৃপক্ষের দীর্ঘদিনের বেআইনি সহিংসতার ধারাবাহিকতা মাত্র। অ্যামনেস্টি দাবি জানিয়েছে—বিক্ষোভকারীদের দমন করতে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার বন্ধ করতে হবে, জেএএসসি-র ওপর থেকে সব ধরনের বেআইনি নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং সংবাদমাধ্যম ও স্বাধীন পর্যবেক্ষকদের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের অনুমতি প্রদান করতে হবে।

তথ্যসূত্র: এএনআই, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

ইত্তেফাক/এটিএন