বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তার পরিবারকে গুমের হুমকি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২২:১৭

বিডিআর বিদ্রোহে নিহত শহীদ লে. কর্ণেল আবু মুছা মো. আইয়ুব কায়সারের পরিবারকে গুমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে সেগুন বাগিচায় ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আইয়ুব কায়সারের মেয়ে কারিশা মুসরাত এ অভিযোগ করেন।

কারিশা বলেন, রাজধানীর পল্লবী ডিওএইচএস এ একটি ফ্ল্যাট ক্রয় করেন তার বাবা। বিডিআর বিদ্রোহে তার বাবা নিহতের পর ডিওএইচএস এলাকায় শহীদ সেনা পরিবারকে প্লট দেওয়া হলে তারা ওই প্লটের নতুন বাড়িতে ওঠেন। এদিকে আগের জনৈক দেওয়ান মো. শামসুল হুদা নামের এক ব্যক্তির সঙ্গে পুরনো ফ্ল্যাটটি বিক্রির বিষয়ে সমঝোতা হয়। দেড় কোটি টাকার ফ্ল্যাট শামসুল হুদা মাত্র ১০ লাখ টাকা দিয়ে ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর জাল দলিল ও কাগজপত্র বানিয়ে ফ্ল্যাটের তালা ভেঙে নিজেদের কেনা ফ্ল্যাট বলে দাবি করেন। এ নিয়ে ডিওএইচএস ও সেনা সদর দফতরে আবেদন করা হয়। পাশাপাশি ডিওএইচএস পরিষদ বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। এছাড়া ফ্ল্যাটের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি শামসুল হুদা। উল্টো শহীদ সেনা পরিবারের লোকজনকে প্রাণে মেরে ফেলাসহ গুম করার হুমকি দেওয়া হচ্ছে।

কারিশা আরও বলেন, শামসুল হুদা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এ ব্যাপারে শামসুল হুদার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন কারিশা। মিথ্যা মামলা থেকে মুক্তি, নিজেদের ফ্ল্যাট ফিরে পাওয়া ও নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। সংবাদ সম্মেলনে কারিশার খালু মনিরুজ্জামান, তাদের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এব্যাপারে শামসুল হুদার মোবাইল ফোনে বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। বিষয়টি নিয়ে মামলা চলছে।’