বিশেষ প্রতিনিধি
রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা কমলেও শহরের বাইরে বৃদ্ধি পাচ্ছে এই সংখ্যা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৪ জেলার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৫৯ জন এবং ঢাকার বাইরে ৯৬০ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে বৃহস্পতিবারের চেয়ে শুক্রবার নতুন রোগী ভর্তির সংখ্যা কমেছে ২১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুসারে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ আগস্ট পর্যন্ত ৪৯ হাজার ৯৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ হাজার ২৪৩ জন অর্থাত্ আক্রান্তদের ৮৪ শতাংশ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। আক্রান্তদের মধ্যে মারা গেছের ৪০ জন। সরকারি পরিসংখ্যানে, রাজধানীর সরকারি-বেসরকারি ৪০টি ও ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীকে এ হিসেবে দেখানো হয়। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৭১৬ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ১৫ জন এবং অন্যান্য বিভাগীয় হাসপাতালে মোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৭০১ জন।
গতকাল দুপুরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সরকারের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা বলেন, আগামী সপ্তাহে বোঝা যাবে ডেঙ্গু পরিস্থিতি কোনদিকে যাচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, লোকপ্রশাসন মন্ত্রণালয় সবাইকে সঙ্গে নিয়ে সরকার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তত্পরতা চালাচ্ছে।
