কামড় খেয়ে চিকিৎসা নিতে সাপ নিয়ে হাসপাতালে হাজির

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ২০:৩০

ঝিনাইদহের শৈলকূপায় পাট জাগ দেওয়ার সময় সাপের কামড় খেয়ে সেই সাপটিই কৌটায় বন্দি করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন সাধন চন্দ্র মন্ডল (৪৮) নামে এক স্কুলশিক্ষক।

বুধবার (২৯ জুলাই) দুপুরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এ ব্যতিক্রমী ঘটনাটি ঘটে।

আহত সাধন চন্দ্র মন্ডল শৈলকূপা উপজেলার স্বরূপনগর গ্রামের জীতেন্দ্রনাথ মন্ডলের পুত্র এবং স্থানীয় একটি এমপিওভুক্ত উচ্চবিদ্যালয়ের শিক্ষক।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে সাধন চন্দ্র মন্ডল বাড়ির পাশের নদীতে পাট জাগ দেওয়ার কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি ছোট আকারের সাপ তাঁর ডান হাতের কনুইয়ে কামড় দেয়। কামড় দেওয়ার পর তিনি হাত ঝাড়া দিলে স্থানটি থেকে রক্ত বের হতে থাকে এবং সাপটি নিচে পড়ে যায়। এ সময় পাশে থাকা এক গ্রামবাসী দ্রুত এগিয়ে এসে সাপটিকে ধরে একটি কৌটায় ভরে ফেলেন। 

ঘটনার পরপরই সাধন চন্দ্র মন্ডল তার স্বজনরা বন্দি সাপটিসহ দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

জরুরী বিভাগের চিকিৎসক তাকে পরীক্ষা করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

ইত্তেফাক/এমএসআর