সিরাজদিখানে শোক সভায় হামলা আহত পাঁচ

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২১:৩৬

পূর্ব শত্রুতার জের

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচরে বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় প্রতিপক্ষের হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছে। বেলা  ১২টার দিকে প্রতিপক্ষ শহীদ বাউল ও আমির হোসেনের লোকজন এ হামলা চালায়। আহতদের মধ্যে বিল্লাল হোসেন (৪৫), আক্তার হোসেন (৫০) ও শামীমকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অপর আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে আহত বিল্লাল হোসেন সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বালুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেক চাঁন মুন্সী জানান, ইউনিয়নের বালুরচর চৌরাস্তা নামক স্থানে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত শোকসভা চলছিল। পূর্ব শত্রুতার জের ধরে শহীদ বাউল ও আমির হোসেনের লোকজন সেখানে অতর্কিতে হামলা চালায়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলা হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি।