বিপিএল আয়োজন হবে কিনা জানালেন তামিম

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৫:২০

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আরেক নাম বিতর্ক। প্রতিটি আসরই ছিল নানান সমস্যায় জর্জরিত। যার কারণে বিপিএলের আসন্ন আসর হবে না বলে গুঞ্জন রয়েছে। বিসিবির বোর্ড সভাতে আলোচনা হয়েছে বিপিএল আয়োজন ইস্যুতে। 

পরে সংবাদ সম্মেলনে বিপিএল আয়োজন প্রসঙ্গে বিসিবি প্রধান তামিম বলেন, ‘বিপিএল আমি কেবল করার জন্য করবো না। আমার মনে হয় না হাতে পর্যাপ্ত সময় আছে। আমরা যদি সামনে বিপিএল করি ভালোভাবে করবো। যেভাবে করা দরকার সেভাবে করবো।’

আইসিসির বোর্ড মিটিংয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দেখভালের কমিটির প্রধান হয়েছেন তামিম ইকবাল। এ ব্যাপারে বলেন, ‘আইসিসির মিটিং ভালোই হয়েছে। ৯ জুলাই প্রথম ইনফরমাল মিটিংয়ে জয়েন করি। ১১-১২ জুলাই দুইদিন ফরমাল মিটিংয়ে জয়েন করি। তারা আমাকে স্বাগত জানিয়েছে। আমি আমার স্পিচ দিয়েছি। আমার যেখানে কথা বলা দরকার ছিল সেখানে বলেছি।’

বিসিবি প্রধান আরও বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় গর্বের বিষয় এবং দেশের জন্যও প্রথম দিনেই আমাকে একটা কমিটির চেয়ারম্যান করা হয়েছে। বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন লিগ চালু করছে। পুরো জিনিসকে দেখাশোনা করা, প্রসেস ঠিক আছে কিনা। এখন যে লিগ হচ্ছে, যে কাজ হওয়া উচিত না সেগুলো হচ্ছে কিনা। এসব দেখার জন্যই কমিটি বানানো হয়েছে। আরও কিছু কাজ আছে। অনেক জরুরি কমিটি। আন্তর্জাতিক ক্রিকেটেরও ব্যাপার আছে। এসব কমিটি সেসব আলোচনা করে সঠিক পদক্ষেপ নেবে।’

ইত্তেফাক/জেডএইচ