প্রায় দুই বছর পর নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১০:২৬

প্রায় দুই বছর পর নীতি সুদহার (রেপো রেট) কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর কেন্দ্রীয় ব্যাংক রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ১০ শতাংশ থেকে ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করেছে।

একই সঙ্গে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) রেটও ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে। তবে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) রেট আগের মতোই ৭ দশমিক ৫০ শতাংশে বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট (এমপিডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মনিটরিং পলিসি কমিটির (এমপিসি) ১৩তম সভা (২০২৬-২৭ অর্থবছরের প্রথম সভা) গভর্নর ও কমিটির সভাপতি মো. মোস্তাকুর রহমান এফসিএমএর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় দেশের মূল্যস্ফীতি, বেসরকারি খাতে ঋণপ্রবাহ, বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক লেনদেন ভারসাম্যসহ বিভিন্ন সামষ্টিক অর্থনৈতিক সূচক পর্যালোচনা করা হয়।

পর্যালোচনা শেষে কমিটি মুদ্রানীতির প্রধান হাতিয়ার নীতি সুদহার (রেপো রেট) ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা হিসেবে ব্যবহৃত স্ট্যান্ডিং লেন্ডিং ফেসিলিটি (এসএলএফ) রেট ১১ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে।

তবে সুদহার করিডোরের নিম্নসীমা হিসেবে বিবেচিত স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি (এসডিএফ) রেট ৭ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সুদহার কাঠামো আগামী ২ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে।

ইত্তেফাক/এএইচপি