ডেঙ্গু বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ---- আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২১:৫৭

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, ‘দেশব্যাপী ছড়িয়ে পড়া ডেঙ্গু রোগের বিস্তার আমাদের অঞ্চলে রোধ করতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইতিমধ্যে ভান্ডারিয়াসহ এ অঞ্চলে এ রোগ প্রতিরোধে আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জনপ্রতিনিধিসহ স্থানীয় প্রশাসন বসে না থেকে এক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করছেন। যে কারণে এ অঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাবকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।’

আনোয়ার হোসেন মঞ্জু গতকাল শুক্রবার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে আরো বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্য দিয়ে ডেঙ্গু বিস্তার রোধ করা সম্ভব। ভান্ডারিয়ায় এ রোগের প্রকোপ অত্যন্ত সীমিত পর্যায়ে। স্থানীয় উপজেলা হাসপাতালে মাত্র ২৪ জন রোগী ভর্তি হয়েছে এবং যার মধ্যে ১০ জনকে উন্নত চিকিত্সার জন্য রেফার করা হয়েছে, চার জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং ১০ জন হাসপাতালে চিকিত্সাধীন। এ হাসপাতালে যেমন ডেঙ্গু রোগীর চিকিত্সার ন্যূনতম ব্যবস্থা রয়েছে; তেমনি উপজেলাব্যাপী যাতে ডেঙ্গু ছড়িয়ে পড়তে না পারে, তার প্রস্তুতিও রয়েছে। ইতিমধ্যে সংসদ সদস্যের ব্যক্তিগত উদ্যোগ, উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ৩৫৫টি ডেঙ্গু কিট সরবরাহ করা হয়েছে। যার মধ্যে ১২৮টি কিট ডেঙ্গু চিহ্নিতকরণে ব্যবহূত হয়েছে। পাশাপাশি উপজেলা জুড়ে ডেঙ্গু শনাক্তকরণে তিনটি ভ্রাম্যমাণ টিম কাজ করছে। এছাড়া মশা নিধনে প্রতিটি ইউনিয়নে ফগার মেশিন সরবরাহ করা হয়েছে।

আনোয়ার হোসেন মঞ্জু্ এমপি উপজেলা পরিষদ, প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মুখাপেক্ষী না হয়ে নিজস্ব উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, চিকিত্সক সংকটসহ প্রয়োজনীয় আধুনিক চিকিত্সা সরঞ্জামের অভাব থাকা সত্ত্বেও ভান্ডারিয়া হাসপাতালে স্বাস্থ্যসেবার মান তুলনামূলক সন্তোষজনক। এখানে চিকিত্সকদের কাজ করার পরিবেশকে আরো উন্নতির চেষ্টা করা হবে। ভান্ডারিয়া উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণের জন্য যে অবকাঠামো নির্মাণের কাজ চলছে তার গুণগতমান বজায় রাখার প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্টদের কাছে অনুরোধ জানান। এ উপজেলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারিভাবে গড়ে ওঠা ক্লিনিকগুলোর সেবারমান নিশ্চিত করার প্রতিও তিনি গুরুত্বারোপ করেন।

উপজেলা পরিষদের ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়ামে অনুষ্ঠিত ভান্ডারিয়া হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, কমিটির সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম, সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সদস্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশীদ খসরু, উপজেলা জেপির যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন,  উপজেলা  সমাজসেবা কর্মকর্তা ভবানী শংকর বল, হাসপাতালের আরএমও ডা. মো. বেলাল হোসেন, পৌর কাউন্সিলর এনামুল কবির টিপু তালুকদার প্রমুখ। সভায় হাসপাতালের চিকিত্সা সেবাসহ উপজেলায় পরিচালিত স্বাস্থ্য সেবা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। এ সভার পর আনোয়ার হোসেন মঞ্জু এমপি ভান্ডারিয়া লঞ্চঘাটের নবনির্মিত যাত্রী ছাউনি পরিদর্শন করেন। এরপর তিনি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ভান্ডারিয়া বন্দরের শহররক্ষা বাঁধ এলাকা পরিদর্শন করেন।