নাসীরুদ্দীন পাটওয়ারী

‘ইটটি যদি হাতে না লেগে মাথায় লাগত তাহলে আমি হয়তো এতক্ষণ বেঁচে থাকতাম না’

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৪:০০

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে সাম্প্রতিক হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন দলটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এই হামলার জন্য বিএনপি নেতা ইশরাক হোসেনকে সরাসরি দায়ী করলেও, ঘটনার বিচার চেয়ে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

শুক্রবার (৩১ জুলাই) রাতে সিলেট থেকে ফেরার পথে জৈন্তাপুরের হরিপুরে হামলায় আহত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন তিনি।

হামলার ভয়াবহ বর্ণনা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "চলন্ত গাড়ির গ্লাস ভেঙে একটি বড় ইট আমার হাতে এসে প্রবল জোরে আঘাত করে। আমার সাথে থাকা সহযোগী রক্তাক্ত হয়েছে। ইটটা এখনো আমাদের গাড়িতে রাখা আছে। ইটটি যদি সামান্য সরে আমার হাতে না লেগে মাথায় লাগত, তবে আমি হয়তো এতক্ষণ বেঁচে থাকতাম না।"

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্বকে কড়া বার্তা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "আমি ব্যক্তি জায়গা থেকে তারেক রহমানের উদ্দেশ্যে বলব—আপনি মস্ত বড় একটি ভুল করেছেন এবং এই মারাত্মক ভুলের কাফফারা আপনাকে দিতেই হবে। আমাকে একসময় শেখ হাসিনা জেলে নিয়েছিলেন, আর সেই ভুলের কাফফারা দিয়ে তিনি আজ দিল্লিতে অবস্থান করছেন। আমি আপনাকে অনেক আগেই সতর্ক করেছিলাম, কিন্তু আপনি শোধরাননি। আজ প্রমাণিত হলো আপনার শাসনামলেও আমাদের জীবন নিরাপদ নয়।" তিনি আরও যোগ করেন, "আমার রক্ত আজ রেড লাইন পার করেছে। কড়ায়-গণ্ডায় এই রক্তের প্রতিশোধ আপনার কাছ থেকে বুঝে নেওয়া হবে। আজ থেকেই আপনার ক্ষমতা পতনের শুরু। ইনশাআল্লাহ রাজপথেই রাজনৈতিকভাবে এর মোকাবিলা হবে।"

হামলার পেছনের কারণ ও মূল অভিযুক্তদের বিষয়ে এনসিপির এই নেতা বলেন, হরিপুরে কর্মসূচি শেষ করে রওনা হওয়ার মাত্র ২-৩ মিনিটের মাথায় এই অতর্কিত আক্রমণ চালানো হয়। পুলিশ প্রোটোকলে থাকা সদস্যরা চেষ্টা করলেও হামলা রোখা সম্ভব হয়নি। তিনি অভিযোগ করেন, ইশরাক ও রাশেদের উসকানিমূলক কর্মকাণ্ডে রাজপথ উত্তপ্ত হয়েছে। বিশেষ করে ইশরাকের মশাল মিছিলের পরপরই এই 'অ্যাটেম্পট টু মার্ডার' (হত্যার চেষ্টা) চালানো হয়েছে, তাই এই প্রাণঘাতী হামলার দায় ইশরাককেও নিতে হবে।

এ ঘটনায় কোনো মামলা বা আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী স্পষ্ট জানিয়ে দেন, "আমি যতদিন জীবিত আছি, মরণ পর্যন্ত এ বিষয়ে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেব না।" সিলেট অঞ্চলে এনসিপির মোট পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়েছে দাবি করে তিনি রাজপথেই এর চূড়ান্ত রাজনৈতিক ফয়সালা করার ঘোষণা দেন।

ইত্তেফাক/এএম