মহাকাশ পর্যটন শিল্পের স্বপ্নদ্রষ্টা ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড ব্রানসন। ফোর্বসের বিলিয়নিয়ারের তালিকা অনুযায়ী যুক্তরাজ্যের এই ব্যবসায়ী চতুর্থ স্থানে রয়েছেন। মহাকাশ ভ্রমণের বিষয়ে বরাবরই বেশ কৌতূহলী রিচার্ড ব্রানসন। এবার সেই ব্রানসনের মালিকানাধীন মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিক প্রকাশ করেছে তার স্বপ্নের পথের আরো একটি মাইলফলকের ছবি। নিউ মেক্সিকোতে অবস্থিত মহাকাশ বন্দরের কিছু ছবি।
নিউ মেক্সিকোর প্রধান কার্যালয়ে অবস্থিত এই মহাকাশ বন্দরটির ছবি বৃহস্পতিবার প্রকাশিত হলেও এটির পরিকল্পনা হয়েছিল আজ থেকে ১৫ বছর আগে। নিউ মেক্সিকোর তত্কালীন গভর্নর, ডেমোক্র্যাটিক পার্টির নেতা বিল রিচার্ডসনকে সঙ্গে নিয়ে নিউ মেক্সিকোতে ‘স্পেস পোর্ট’ করার পরিকল্পনা করেছিলেন রিচার্ড ব্রানসন। ১৫ বছর পর সেই মহাকাশ বন্দরের কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে।
এখান থেকেই পর্যটকদের নিয়ে মহাকাশে ছেড়ে যাবে রিচার্ড ব্রানসনের মালিকানাধীন বেসরকারি মহাকাশযানগুলো। ধুধু মরুভূমির মধ্যে গড়ে তোলা হয়েছে মহাকাশ বন্দরের আধুনিক সব ব্যবস্থা। এ কারণেই
এই মহাকাশ বন্দরটি নিয়ে মানুষের বেশ আগ্রহ রয়েছে। ভার্জিন গ্রুপের এই মহাকাশ বন্দরে রয়েছে অত্যাধুনিক ও বিলাসবহুল সব ভবন। মহাকাশযান পরিচালনা করার জন্য এখানে রয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। সেইসঙ্গে পাইলটদের বিশ্রাম, ভ্রমণের পূর্ব প্রস্তুতি এবং মহাকাশের পর্যটক ও তাদের পরিবার, বন্ধু-বান্ধবের বিশ্রাম নেওয়ার জন্যও এখানে রয়েছে বিলাসবহুল অবকাশ যাপন কেন্দ্র।
স্পেস পোর্টের ছবি প্রকাশ করে ভার্জিন গ্যালাকটিকের পক্ষ থেকে বলা হয়েছে, দিনটি আমাদের জন্য খুবই তাত্পর্যপূর্ণ। এই দিনটির জন্য আমাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। আগামী দিনের উপযোগী করেই গড়ে তোলা হয়েছে এই বন্দরটি। এখান থেকেই ছয় জন যাত্রীকে নিয়ে মহাকাশে ছুটে যাবে ভার্জিন গ্যালাকটিকের মহাকাশযান। বাণিজ্যিক অভিযানের জন্য বন্দরটি পুরোপুরি প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। তবে কবে নাগাদ এই বন্দর থেকে মহাকাশযান যাত্রা করবে সে ব্যাপারে নির্দিষ্ট কোনো দিন তারিখ উল্লেখ করা হয়নি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে অচিরেই সেই মাহেন্দ্রক্ষণ প্রত্যক্ষ করবে পৃথিবীবাসী। -সিএনএন
