ওয়েস্ট উইন্ডিজ ক্রিকেটে কোচ-ক্রিকেটার মুখোমুখি

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১০:০০

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজটি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে হেড কোচ ড্যারেন স্যামির মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ। তার দাবি, স্যামির বক্তব্য ছিল 'প্রসঙ্গবিহীন' এবং 'বিতর্কিত'।

২৩ জুলাই পাকিস্তান সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণার সময় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছিল, ব্যক্তিগত কারণে দলে থাকছেন না জোসেফ। তবে পরদিন সংবাদ সম্মেলনে স্যামি বলেন, জোসেফ নির্বাচিত হওয়ার পরও দলে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। 

এই মন্তব্যের প্রতিক্রিয়ায় অ্যান্টিগুয়া অবজারভারের 'গুড মর্নিং জোজো স্পোর্টস শো'তে জোসেফ বলেন, 'আমার সঙ্গে হেড কোচের কথা হয়েছে। সিডব্লিউআইয়ের সঙ্গেও আলোচনা হয়েছে। আপনারা যদি বোর্ডের বিবৃতিটি দেখেন, সেখানে ব্যক্তিগত কারণের কথাই বলা হয়েছে। মি. স্যামি দীর্ঘদিন ধরে এই ব্যবস্থার সঙ্গে আছেন। তিনি খুব ভালো করেই জানতেন, তার মন্তব্য কী ধরনের প্রভাব ফেলতে পারে এবং জনসাধারণের মধ্যে কী ধারণা সৃষ্টি করবে। তাই এ বিষয়ে তার মন্তব্য নিয়ে আমার আর কিছু বলার নেই।'

৩০ বছর বয়সী এই পেসার জানান, কোমরের নিচের অংশে স্ট্রেস ফ্র্যাকচার থেকে ফিরে আসার পর নিজের শরীরের অবস্থা বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একই ধরনের চোটের কারণে তিনি ভারত ও নিউজিল্যান্ড সফর মিস করেছিলেন এবং প্রায় এক বছর পর চলতি বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। 

জোসেফ বলেন, 'এক বছর মাঠের বাইরে থাকার পর আমি মাত্র দুটি টেস্ট খেলেছি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে টানা পাঁচটি ওয়ানডে খেলেছি। আমি জানতাম, আমার শরীর আরেকটি টেস্ট সিরিজ খেলার জন্য প্রস্তুত নয়। তাই পুরো প্রেক্ষাপট না জানিয়ে যে মন্তব্য করা হয়েছে, সেটাই বিতর্ক তৈরি করেছে।'

স্যামির সঙ্গে এই ঘটনার পর সম্পর্কের অবনতি হবে কি না। এমন প্রশ্নের জবাবে জোসেফ বলেন, 'আমি একজন পেশাদার। আমি ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করি, ড্যারেন স্যামির নয়। আমি মাঠে বন্ধুত্ব করতে যাই না; দেশের হয়ে নিজের দায়িত্ব পালন করতেই যাই।' 

এর আগে গত ২৩ জুলাই পাকিস্তানের বিপক্ষে সিরিজের দল ঘোষণা করে সিডব্লিউআই, যেখানে জোসেফের না খেলার কারণ হিসেবে 'ব্যক্তিগত বিষয়' উল্লেখ করা হয়। যদিও পরদিনই সংবাদ সম্মেলনে স্যামি দাবি করেন, 'জোসেফ নিজেই দলে নির্বাচন না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এটাই মূল সত্য। তাকে তো চোট কাটিয়ে ওঠার পর স্কোয়াডে রাখাই হয়েছিল।'

ইত্তেফাক/জেডএইচ