রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। নতুন চুক্তির বিষয়ে সমঝোতা না হলে ভিনিকে ছেড়ে দেওয়ার সম্ভাবনাও বিবেচনায় রেখেছে স্প্যানিশ ক্লাবটি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, ভিনিসিয়ুসের জন্য এখন দুটি রাস্তা খোলা রাখা হয়েছে। ভিনির প্রতিনিধিদের জানিয়ে দেওয়া হয়েছে, হয় চুক্তি নবায়ন করে থেকে যেতে হবে, অন্যথায় চলতি গ্রীষ্মেই তাকে বিক্রির বিষয়টি নিয়ে সামনে এগোবে রিয়াল মাদ্রিদ।

ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের চুক্তি আছে ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে ব্রাজিলিয়ান এই তারকার জন্য নিজেদের প্রস্তাবের আর্থিক অঙ্ক বাড়ানোর কোনো পরিকল্পনা নেই স্প্যানিশ ক্লাবটির।
মার্কার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভিনিসিয়ুসের প্রতিনিধিদের রিয়াল জানিয়েছে, বর্তমান প্রস্তাবের বাইরে আর কোনো বেতন বৃদ্ধি বা নতুন করে আলোচনার সুযোগ নেই। ক্লাবের বার্তা পরিষ্কার—ভিনিসিয়ুস প্রস্তাব গ্রহণ করলে চুক্তি নবায়ন হবে। সেটা না হলে ভিনিসিয়ুসকে ধরে রাখতে আগ্রহী নয় রিয়াল।
এ দিকে ভিনিসিয়ুসকে দলে ভেড়াতে আগ্রহী আর্সেনাল। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে এখন পর্যন্ত ভিনিসিয়ুস বা তার প্রতিনিধিদের কোনো ধরনের যোগাযোগ হয়নি। তবে সম্ভাব্য এই দলবদলের আর্থিক ও কৌশলগত দিকগুলো নিয়েই এখন কাজ করছে আর্সেনাল।

