নয়ন বন্ডের বাসা থেকে স্বর্ণালংকার, নগদ অর্থ ও কাগজপত্র চুরি

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২১:৫৯

বরগুনায় শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত নয়ন বন্ডের বাসায় চুরি হয়েছে। চোরেরা তালা ভেঙে বাসায় প্রবেশ করে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও অর্ধ লক্ষাধিক নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নিয়ে গেছে বলে দাবি করছেন নয়নের মা সাহিদা বেগম। তিনি  শুক্রবার বরগুনা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সাহিদা বেগম জানান, তিনি বৃহস্পতিবার সকালে বরগুনা সদর উপজেলার বুড়িরখাল গ্রামে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার সকালে ভাড়াটিয়ারা সাহিদা বেগমের ঘরের তালা ভাঙা দেখে তাকে খবর দেন। খবর পেয়ে তিনি বাসায় এসে দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে আসবাবপত্র এলোমেলো দেখেন এবং বাসায় থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার খুঁজে পাননি।

সাহিদা বেগম জানান, নয়নের মিলাদের জন্য বাসায় তিনি ৪১ হাজার টাকা রেখেছিলেন। এছাড়াও ঘরে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ছিল। তার পুত্রবধূ বড়ো ছেলে মিরাজের স্ত্রীর কক্ষেও ১২ হাজার টাকা এবং পুত্রবধূ ও নাতনীর স্বর্ণালংকার খুঁজে পাওয়া যায়নি। সবকিছুই চোরেরা চুরি করে নিয়ে গেছে বলে তিনি দাবি করেন। নয়নের কিছু কাগজপত্র ও জমির দলিলপত্রও চুরি হয়েছে বলে তিনি পুলিশের কাছে দেয়া বিবরণে উল্লেখ করেন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, নয়নের মা সাহিদা বেগম চুরির খবরটি লিখিতভাবে জানিয়েছেন। তার বাসায় পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা যাচাইয়ের পর আমরা অভিযোগ গ্রহণ করে ব্যবস্থা নেব।