বগুড়ায় পিকআপ ভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ৪

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১৩:১৯

বগুড়ার কাহালু উপজেলায় পিকআপ ভ্যান ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের  নারহট্ট ইউনিয়নের বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে আসা একটি পিকআপ নওগাঁতে মাছ বিক্রি করে ফিরছিল। পথে বউবাজার এলাকায় অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিক-আপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক, হেলপার ও দুইজন মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক-হেলপার পালিয়ে যায়।

দুর্ঘটনায় নিহত চারজনই পিকআপভ্যানের আরোহী ছিলেন। নিহতদের মধ্যে চালক, হেলপার এবং দুই মাছ ব্যবসায়ী রয়েছেন। তাদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। পেশায় তিনি মাছ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

কাহালু থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ সরিয়ে নেয় এবং চারজনের মরদহ উদ্ধার করে। নিহত লুৎফর রহমানের পরিবারের কাছে সংবাদ পাঠানো হয়েছে এবং নিহত অপর তিনজনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

 

 

 
ইত্তেফাক/ আরএইচ