রাজধানীর মিরপুর ৭ নম্বর সেকশনের চলন্তিকা মোড়ে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৭টা ২২ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে পরে আরো ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রাথমিক খবরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য জানা যায়নি বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে।
