রাজধানীর ধানমন্ডির একটি বাসার ছাদ থেকে পড়ে রিয়া আক্তার (১৩) নামে এক গৃহকর্মী নিহত হয়েছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডি ৭/এ নম্বর রোডের ৯১/এম নম্বর বাসার দশ তলার ছাদ থেকে নিচে নামার চেষ্টাকালে নিচে পড়ে মারা যায় রিয়া। পুলিশ জানিয়েছে, নতুন কাজে যোগদান করায় পরিবারের সঙ্গে ঈদ করতে পারেনি রিয়া। মেলেনি ছুটিও। এরপর ছাদের কোনায় ওড়না পেঁচিয়ে পালাতে গিয়ে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় তার।
ধানমন্ডি থানার ওসি আব্দুল লতিফ জানান, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মো. রাজুর মেয়ে রিয়া। চলতি মাসের ৪ তারিখ থেকে ধানমন্ডিতে গৃহকর্তা মমিনুল হকের বাসায় কাজ করছিল সে। নতুন কাজে যোগ দেওয়ায় এবার পরিবারের সঙ্গে ঈদ করতে পারেনি রিয়া। ফলে মন খারাপ ছিল তার। মেলেনি ঈদের ছুটিও। তখন ওই বাসা থেকে পালানোর পরিকল্পনা করে রিয়া। সে মোতাবেক শুক্রবার ভোরে নিজের একটি ছোটো ব্যাংকে জমানো টাকা ও ওড়না নিয়ে ১০ তলা ভবনের ছাদে ওঠে রিয়া। এরপর ছাদের রেলিংয়ের সঙ্গে ওড়না বেঁধে নামার চেষ্টা করলে নিচে পড়ে মারা যায় সে। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে।
এক প্রশ্নের উত্তরে ওসি আরো বলেন, ওই বাসায় আরো এক গৃহকর্মী কাজ করে। শুক্রবার রাতে রিয়া ও সে একই সঙ্গে ঘুমিয়ে ছিল। আমরা ওই গৃহকর্মী, দারোয়ানসহ ওই বাসার সবাইকে জিজ্ঞাসাবাদ করেছি। কিন্তু অন্য কোনো কারণ খুঁজে পাইনি। এমনকি মৃতের বাবা রাজু ও মা কুলসুম বেগম কোনো অভিযোগ করেননি। এরপরেও যদি মৃত্যুর অন্য কোনো কারণ থাকে তাহলে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
